সাভারে আমন্ত্রণমূলক আন্তর্জাতিক জুডোতে বিকেএসপি চ্যাম্পিয়ন

বিকেএসপি কাপ আমন্ত্রণমূলক আন্তর্জাতিক জুডো প্রতিযোগিতা-২০২৫ এ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)। এ প্রতিযোগিতায় বিকেএসপি ৬টি স্বর্ণ, ৮টি রৌপ্য ও ১০টি ব্রোঞ্জ পদকসহ সর্বমোট ২৪টি পদক জেতে।  ৫টি স্বর্ণ, ১ টি রৌপ্য ও ৫ টি ব্রোঞ্জ পদকসহ সর্বমোট ১১টি পদক জিতে রানার আপ হয় নেপাল জুডো অ্যাসোসিয়েশন দল। 

সাভারে দুদিন ব্যাপী আয়োজনের সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বিকেএসপির পরিচালক (প্রশিক্ষণ) কর্নেল মোঃ গোলাম মাবুদ হাসান উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বিকেএসপি কলেজের অধ্যক্ষ লে. কর্নেল মোঃ ইমরান হাসান, উপ-পরিচালক (প্রশাসন) মোঃ ছগির হোসেন ও ক্রিকেট বিভাগের চিফ কোচ মন্টু কুমার দত্ত।

বিকেএসপির স্বর্ণ পদক বিজয়ীরা হলেন (-৪৫ কেজি) ওজন শ্রেণিতে মো: জাহিদ হাসান, (-৫০ কেজি) ওজন শ্রেণিতে মো: ওয়াদুদ রহমান রনি, (-৫৫ কেজি) ওজন শ্রেণিতে এ্যপ্রু শাই মারমা, (-৪৪ কেজি) ওজন শ্রেণিতে রেমি হাসি, (-৬৩ কেজি) ওজন শ্রেণিতে অনিকা আক্তার ও (+৬৩ কেজি) ওজন শ্রেণিতে ফাবিহা বুশরা।

প্রতিযোগিতায়  নেপাল, ভূটান ও স্বাগতিক বাংলাদেশের মোট ১৬৯ জন জুডোকা ১৩টি ওজন শ্রেণিতে ৫২টি ইভেন্টে অংশ নেন। বাংলাদেশের হয়ে বিকেএসপির ৪টি দল ছাড়াও দেশের বিভিন্ন ক্লাব, ক্রীড়া সংস্থা, বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ সেনাবাহিনী ও আনসার দল অংশগ্রহণ করে।