নারায়ণগঞ্জ জেলা আদালতের একজন বিচারকের স্বাক্ষর জালিয়াতি করে ভুয়া আদেশনামা ও পরোয়ানা ফেরত তৈরির অভিযোগ উঠেছে এক আইনজীবী সহকারীর বিরুদ্ধে। এ ঘটনায় গতকাল সোমবার দুপুরে সিয়াম আহমেদ নামের এক আইনজীবী সহকারীকে আটক করা হয়েছে। তিনি নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সদস্য ধীরেন সরকারের সহকারী ছিলেন।
আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় করা হত্যাচেষ্টার একটি মামলায় মো. রুবেল ভূঁইয়া নামে একজনের বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। পরে রুবেল ভূঁইয়া আইনজীবী সহকারী সিয়াম আহমেদের কাছে গেলে তিনি নিজেই বিচারকের স্বাক্ষর জাল করে একটি আদেশনামা ও পরোয়ানা ফেরত কাগজ তৈরি করে রুবেল ভূঁইয়াকে দেন।
এদিকে ওই মামলায় রবিবার রাতে রুবেলকে রূপগঞ্জ থানা-পুলিশ গ্রেপ্তার করলে তার স্বজনরা আদালতের ভুয়া আদেশনামা ও পরোয়ানা ফেরতের কাগজ দেখান। বিষয়টি রূপগঞ্জ থানার ওসির সন্দেহ হলে তিনি নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শককে জানান। কোর্ট পুলিশের পরিদর্শক অনুসন্ধান করে আদালতের আদেশ ও পরোয়ানা ফেরতের কাগজটি ভুয়া বলে জানালে বিষয়টি প্রকাশ পায়।
এ বিষয়ে কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইউম খান বলেন, ‘আমরা এ বিষয়ে অনুসন্ধান করে জানতে পারি অ্যাডভোকেট ধীরেন সরকারের সহকারী সিয়াম আহমেদ এ কাজটি করেছেন।’