ইউরোপের প্রতিযোগিতায় ইংল্যান্ডের ৯ ক্লাব

ইউরোপের শীর্ষ পাঁচ লিগের দুটির মৌসুম আগেই শেষ হয়েছিল। রবিবার ছিল ইপিএল, সিরি আ ও লা লিগা এই তিন লিগের ২০২৪-২৫ মৌসুমের শেষ রাউন্ড। প্রিমিয়ার লিগে এবার শিরোপার উত্তাপ আগেই শেষ হয়েছে। চার ম্যাচ হাতে রেখে চ্যাম্পিয়ন হয় লিভারপুল। তবে চ্যাম্পিয়ন কারা, তা জানা হয়ে গেলেও উত্তাপ ছিল শেষদিন পর্যন্ত। কারণ আগামী মৌসুমে ইপিএল থেকে চ্যাম্পিয়নস লিগের তিনটি স্পট নিশ্চিত হয় রবিবার।

নিজেদের ম্যাচে ম্যানচেস্টার সিটি ২-০ গোলে হারায় ফুলহ্যামকে। গোল করেন ইকাই গুনদোয়ান ও আর্লিং হালান্ড। এই জয়ের ফলে ৭১ পয়েন্ট নিয়ে তিনে থেকে শেষ করে পেপ গার্দিওলার দল। চেলস ও নটিংহ্যাম দুটি ক্লাবই ছিল চ্যাম্পিয়নস লিগ জয়ের দৌড়ে। তবে চেলসি ১-০ গোলে নটিংহ্যামকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের স্পট নিশ্চিত করে। তাদের পয়েন্ট হয় ৬৯।

বাকি থাকা একটি স্পটের জন্য লড়াইটা ছিল নিউক্যাসল ও অ্যাস্টন ভিলার মধ্যে। তবে অ্যাস্টন ভিলা ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে ২-০ গোলে হেরে যাওয়ায় নিজেদের ম্যাচে এভারটনের কাছে (১-০-তে) হেরেও চ্যাম্পিয়নস লিগে উঠেছে নিউক্যাসল। ৩৮ রাউন্ড শেষে নিউক্যাসল ও ভিলার পয়েন্ট সমান ৬৬ হয়। তবে গোল ব্যবধানে এগিয়ে পয়েন্ট টেবিলের পাঁচে থেকে চ্যাম্পিয়নস লিগে খেলা নিশ্চিত করে নিউক্যাসল। ছয়ে থাকার সুবাদে ইউরোপা লিগে খেলার সুযোগ পেয়েছে ভিলা। অথচ ম্যাচটি জিতলে বা ড্র করলেও চ্যাম্পিয়নস লিগে পৌঁছে যেত অ্যাস্টন ভিলা।

ম্যানইউর কাছে ভিলার হারে অনেকে দোষ দেখছেন আর্জেন্টাইন গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজের। ম্যাচের প্রথমার্ধের যোগকরা সময়ে ম্যানইউর রাসমুস হউলুন্ডকে রুখতে গিয়ে বক্স ছেড়ে বেরিয়ে পড়েন মার্তিনেজ। তাকে ফাউল করে দেখেন লাল কার্ড। পেশাদার ক্যারিয়ারে এটি এমি মার্তিনেজের প্রথম লাল কার্ড। বাধ্য হয়েই এক খেলোয়াড়কে উঠিয়ে নিয়ে দ্বিতীয় গোলকিপার ওলিসনকে নামাতে হয় ভিলা কোচ উনাই এমেরিকে। বাকি সময়ে ১০ জন নিয়েই খেলতে হয় ভিলাকে। মাঠে একজন কম থাকার সুবিধাটা ভালোভাবেই নেয় রেড ডেভিলরা। ৭৬ মিনিটে আমাদ দিয়ালো ও ৮৭ মিনিটে ক্রিস্টিয়ান এরিকসেন পেনাল্টি থেকে গোল করেন।

ইতালিয়ান লিগে এই মৌসুমের চ্যাম্পিয়নকে পেতে অপেক্ষা করতে হয় শেষ রাউন্ড পর্যন্ত। শেষ পর্যন্ত শিরোপার লড়াইয়ে থাকা নাপোলি ও ইন্তার মিলানের ম্যাচ এগিয়ে এনেছিল কর্র্তৃপক্ষ। ফলে শুক্রবার রাতেই জানা যায় ২০২৪-২৫ মৌসুমে সিরি আ চ্যাম্পিয়ন নাপোলি। শনিবার হয় দুটি ম্যাচ। শেষ রাউন্ডের বাকি ছয় ম্যাচ হয় রবিবার। তবে এদিন নজর ছিল জুভেন্তাস-ভেনেজিয়া এবং রোমা-তুরিনোর ম্যাচে। সমীকরণ এমন ছিল, যদি রোমা নিজেদের ম্যাচটা জেতে এবং জুভেন্তাস হারে তবে রোমা খেলবে চ্যাম্পিয়নস লিগে। তবে জুভেন্তাস ৩-২ গোলে হারায় ভেনেজিয়াকে। তাতে সব শঙ্কা দূরে ঠেলে চ্যাম্পিয়নস লিগে খেলা নিশ্চিত করেছে জুভেন্তাস। রোমা ম্যাচ জিতলেও পাঁচে থেকে ইউরোপা লিগে খেলবে।

লা লিগায় শিরোপা এবং চ্যাম্পিয়নস লিগ স্পট আগেই নিশ্চিত হয়। রবিবার শেষ রাউন্ডের বাকি থাকা তিনটি ম্যাচ হয়। বার্সেলোনা মৌসুমে নিজেদের শেষ ম্যাচটা খেলেছে আথলেটিক বিলবাওয়ের মাঠে। বার্সা ম্যাচটা জিতেছে ৩-০ ব্যবধানে। জোড়া গোল করেন রবার্ট লেভানডফস্কি। তাতে ২৭ গোল নিয়ে মৌসুমে লিগের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা হিসেবে শেষ করলেন লেভানডফস্কি। ৩১ গোল নিয়ে শীর্ষ গোলদাতা রিয়াল মাদ্রিদের কিলিয়ান এমবাপ্পে। এবার ইউরোপিয়ান গোল্ডেন বুট জিতেছেন এই ফরাসি। আতলেতিকো মাদ্রিদ ৪-০-তে জিরোনাকে হারিয়েছে। ম্যাচে আলেকজান্দার সরলথ হ্যাটট্রিক করেন। আরেক ম্যাচে ভিয়ারিয়াল ৪-২ গোলে হারায় সেভিয়াকে।