চিত্রনায়িকা পূর্ণিমা সবসময় তার আগ্রহ ধরে রেখেছেন ভক্তদের মাঝে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব অভিনেত্রী। ২০২৩ সালের ২৭ মে আশফাকুর রহমানের সঙ্গে ঘর বাঁধেন তিনি। আজ তার তৃর্তীয় বিবাহবার্ষিকী।
প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদের পরই রবিনকে বিয়ে করেন তিনি। স্বামী রবিনের সঙ্গে প্রায়ই ছবি ভাগ করে নেন ভক্তদের মাঝ। তা দেখে বোঝাই যায়, দুজনের সংসার বেশ ভালোই কাটছে।
এদিকে তৃর্তীয় বিবাহবার্ষিকীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে নিজের অনুভূতি প্রকাশ করেছেন আশফাকুর রহমান রবিন। যেখান পূর্ণিমার সঙ্গে একগুচ্ছ ছবি শেয়ার করে বৈবাহিক জীবনের তিন বছর পূর্ণ হওয়ার বিষয়টি উল্লেখ করেছেন।
তার কথায়, ‘আলহামদুলিল্লাহ, আজ আমাদের বৈবাহিক জীবনের তিন বছর পূর্ণ হলো — যা ছিল ভালোবাসা, ধৈর্য আর অগণিত স্মৃতির এক অসাধারণ যাত্রা।’
রবিন লিখেছেন, ‘আল্লাহর কাছে অশেষ কৃতজ্ঞতা যে তিনি আমাকে দিলারা হানিফ পূর্ণিমার মতো একজন জীবনসঙ্গী দিয়েছেন। যে আমাকে বোঝে, সমর্থন দেয়, আর সবসময় আমার পাশে থাকে। তুমি আমাদের এই পথচলাকে এতটা বিশেষ করে তুলেছো, আমি এর চেয়ে বেশি কিছু চাওয়া কল্পনাও করিনি।’
আমাদের বন্ধন আরও গভীর হোক উল্লেখ করে বলেন, ‘আমার প্রিয় স্ত্রী, তুমি আমার শান্তি, শক্তি। আমি দোয়া করি, আমাদের বন্ধন দিনে দিনে আরও গভীর হোক এবং আল্লাহ আমাদের প্রতিটি পদক্ষেপে বরকত দান করুন।’
উল্লেখ্য, পূর্ণিমা ২০০৭ সালের ৪ নভেম্বর পারিবারিকভাবে আহমেদ জামাল ফাহাদকে বিয়ে করেন। ২০১৪ সালের ১৩ এপ্রিল তিনি প্রথম কন্যাসন্তানের মা হন। ২০২২ সালে এসে নিজের বিচ্ছেদের খবর প্রকাশ করেন এই অভিনেত্রী।