পাকিস্তানে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের জন্য বাংলাদেশ স্কোয়াডে আছে মোট পাঁচজন পেসার। তারা হলেন হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা ও খালেদ আহমেদ। খালেদ সুযোগ পেয়েছেন মোস্তাফিজ ইনজুরিতে পড়ায়। বাংলাদেশের বর্তমান পেস আক্রমণের প্রশংসা করলেন পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগা।
সবশেষ আরব আমিরাতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ দুটি ম্যাচে হেরেছে বাংলাদেশ। তবু প্রতিপক্ষকে সমীহ করছেন পাকিস্তান অধিনায়ক। বাংলাদেশের বিপক্ষে সিরিজ সহজ কিনা এমন প্রশ্নের উত্তরে সালমান বলেন, 'আন্তর্জাতিক ক্রিকেটে কোন সিরিজই সহজ সহজ নয়। বাংলাদেশ ভালো দল। আমরা আমাদের মতো করে ক্রিকেট খেলতে চাই।'
বাংলাদেশের কোন বোলার বা ব্যাটসম্যান পাকিস্তান দলের জন্য সমস্যা তৈরী করবে কিনা এমন প্রশ্নের উত্তরে সালমান বলেন, নির্দষ্ট এক বোলার বলা মুশকিল। বাংলাদেশের পেস আক্রমণ এখন দারুণ। দলে তিন-চার জন বোলার আছে যারা ভালো। আর ব্যাটসম্যানদের মধ্যে লিটনকে আটকানোর চেষ্টা করবো।'