ভারত-পাকিস্তানের মধ্যে ‘যুদ্ধ’ বোধ হয় ক্রিকেট মাঠে নয়, হলেও প্রভাবটা এসে পড়েছে খেলার বাইরের এক গুরুত্বপূর্ণ খুঁটিতে। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মধ্যে সাম্প্রতিক উত্তেজনার আঁচ এবার লেগেছে বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজেও। কাল থেকে লাহোরে শুরু হতে যাওয়া এই সিরিজেও থাকছে না ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস)।
ভারত-পাকিস্তান সাম্প্রতিক রাজনৈতিক উত্তেজনার কারণে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) সাময়িকভাবে স্থগিত হয়েছিল। পরে খেলা শুরু হলেও ডিআরএস আর ফেরেনি। কারণ, এই প্রযুক্তি পরিচালনায় থাকা কর্মীরা, যাঁদের বড় অংশই ভারতীয়, আর পাকিস্তানে ফেরেননি।
ডিআরএসের অনুপস্থিতি পিএসএলের ফাইনালেও রেখেছে স্পষ্ট ছাপ। কোয়েটা গ্ল্যাডিয়েটর্স অধিনায়ক সৌদ শাকিলকে বিতর্কিতভাবে কট বিহাইন্ড আউট দেওয়া হয়। রিপ্লেতে দেখা যায় ব্যাট ছুঁয়েইনি বল, তবু রিভিউ না থাকায় বদলানো যায়নি সিদ্ধান্ত।
এই একই সংকটে এবার পড়তে যাচ্ছে বাংলাদেশ দলও। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, হকআই প্রযুক্তি যারা পরিচালনা করেন, সেই টেকনিক্যাল টিমকে তিন ম্যাচের এই সিরিজে পাওয়া যাচ্ছে না। ফলে ২৮ মে, ৩০ মে ও ১ জুন গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠেয় তিন টি-টোয়েন্টির একটিতেও থাকবে না ডিআরএস সুবিধা। পিসিবি সূত্র জানিয়েছে, বাংলাদেশ দলকে বিষয়টি আগেই জানিয়ে দেওয়া হয়েছে।
ক্রিকেটের মতো সূক্ষ্ম সিদ্ধান্তনির্ভর খেলায় ডিআরএস না থাকা মানে প্রতিটি বিতর্কিত সিদ্ধান্তে বাড়তি চাপ। এমন এক সময়, যখন প্রতিটি সিরিজই আইসিসি র্যাঙ্কিং ও দলীয় গঠনের জন্য গুরুত্বপূর্ণ, তখন প্রযুক্তির এমন অনুপস্থিতি প্রশ্ন তুলছে আয়োজকদের প্রস্তুতির মান নিয়েও।
বলা যায়, ভারত-পাকিস্তানের মাঠের বাইরের উত্তাপ এবার ছুঁয়ে গেল বাংলাদেশের সিরিজকেও।