মামলা না থাকায় সাবেক ভূমিমন্ত্রীকে ছেড়ে দিয়েছে পুলিশ

মামলা না থাকায় আর বয়স বিবেচনায় জামালপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য ও ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরাকে (৮৩) ছেড়ে দিয়েছে জামালপুর থানা পুলিশ।

শেরপুর থানা থেকে জামালপুর থানায় হস্তান্তরের পর গতকাল মঙ্গলবার (২৭ মে) রাতে ১১টার দিকে তাদের জামালপুর শহরের কাচারিপাড়া এলাকার বাসায় পাঠানো হয়।

মঙ্গলবার বিকেলে শেরপুর সদর সাব-রেজিস্ট্রি অফিসে জমির দলিল সম্পাদন করতে গিয়ে বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীদের হাতে সস্ত্রীক অবরুদ্ধ হন জামালপুর-৫ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক ভূমিমন্ত্রী মো. রেজাউল করিম হীরা। পরে খবর পেয়ে শেরপুর সদর থানা পুলিশ তাদের উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে যায়।

শেরপুর সদর থানার ওসি মো. জুবায়দুল আলম জানান, শেরপুরে কোনো মামলা না থাকায় সাবেক ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা ও তার স্ত্রীকে জামালপুর পুলিশের কাছে হস্তান্তর করা হয়। সন্ধ্যা ৮টার দিকে শেরপুর সদর থানার পুলিশ তাদের জামালপুর সদর থানায় নিয়ে যায়। এ সময় অপ্রীতিকর ঘটনা এড়াতে তাদের বহনকারী পুলিশ ভ্যানের সঙ্গে সেনাবাহিনীর দুটি গাড়ি ছিল।

জামালপুর সদর থানার ওসি আবু ফয়সল মো. আতিক বলেন, ‘শেরপুর থানা থেকে রেজাউল করিম হীরাকে জামালপুর থানায় হস্তান্তর করা হয়। কিন্তু তার বিরুদ্ধে জামালপুর থানায় কোনো মামলা নেই। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে তার স্ত্রী ও এক আত্মীয়কে জিম্মাদার করে মঙ্গলবার রাত ১১টার দিকে তাকে জামালপুর শহরের কাচারিপাড়া এলাকার বাসায় পাঠানো হয়েছে।