বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে শুরু হয়েছে বৃষ্টি। গতকাল বুধবার বিকেল থেকেই ঢাকার আকাশে কালো মেঘ জমতে দেখা যায়। রাতেই নগরীর কিছু এলাকায় ঝিরঝিরে বৃষ্টি নামে। আর আজ বৃহস্পতিবার সকালে বৃষ্টির পাশাপাশি শুরু হয় দমকা হাওয়া।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার দুপুর ১টার মধ্যে দেশের ছয়টি অঞ্চলে বৃষ্টি ও বজ্রসহ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। অঞ্চলগুলো হলো—খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার। এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, বৃহস্পতিবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।
অন্যদিকে দেশের অন্যান্য অঞ্চলেও দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকায় নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানিয়েছেন, বৃহস্পতিবার থেকে ৩১ মে পর্যন্ত টানা তিন দিন দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হতে পারে। তিনি বলেন, ‘এই সময়ের মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণও হতে পারে।’
আবহাওয়ার এমন পূর্বাভাসে দিনের কর্মপরিকল্পনা নেওয়ার আগে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।