বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছে, ২০২৬ বিশ্বকাপের পর ফ্রান্স জাতীয় দলের কোচ হতে পারেন জিনেদিন জিদান। বিষয়টি এতদিন গুঞ্জনের পর্যায়েই ছিল। তবে এবার সত্যিকারের সম্ভাবনা জাগালেন জিদান স্বয়ং। এক সাক্ষাতকারে বলেছেন, ফ্রান্সের কোচ হওয়ার তর সইছে না তার।
সম্প্রতি এক অনুষ্ঠানে জিদানকে এক সাংবাদিক প্রশ্ন করেন, আপনি কি ফ্রান্সের জাতীয় দলের দায়িত্ব নিতে প্রস্তুত? জবাবে জিদান বলেন, ‘আমি ইতিবাচকভাবে দেখছি।’ আবারও তাকে জিজ্ঞেস করা হয়, আগামী বিশ্বকাপের পর কি আপনাকে কোচের চেয়ারে দেখা যাবে?
এবার রিয়াল মাদ্রিদের সাবেক কোচ বলেন, ‘মনে হয় আমি ফ্রান্স দলের জন্য যোগ্য। এই দলটার হয়ে আমি ১২-১৩-১৪ বছর খেলেছি। এতগুলো বছর ফুটবলার হিসাবে দলের সঙ্গে যুক্ত ছিলাম। এটা অবশ্যই আমার একটা স্বপ্ন। সত্যি বলতে আমার তর সইছে না।’
সাবেক অধিনায়ক জিদানের জাদুতে ১৯৯৮ বিশ্বকাপ জিতেছিল ফ্রান্স। ফাইনালে করেছিলেন জোড়া গোল। তার জাতীয় দলের সাবেক সতীর্থ দিদিয়ের দেশ্যম ২০১২ সাল থেকে ফ্রান্সের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন। সামনে তার জায়গা কি জিদানকে সত্যিই দেখা যাবে?