‘২০১৭ সালের হাসান আলী ফিরে এসেছে’

আপডেট : ২৯ মে ২০২৫, ১১:০৪ এএম

এক বছর পর জাতীয় দলে ফিরেই বাংলাদেশের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ৩০ রানে পাঁচ উইকেট শিকার করেছেন পাকিস্তান পেসার হাসান আলী। এবারের পিএসএলে ১৭ উইকেট নিয়ে জাতীয় দলে ফেরার সুযোগ পেয়েছেন। জাতীয় দলে তার পারফর্মেন্স দেখে পাকিস্তান অধিনায়ক সালমান আগার মনে পড়ে যাচ্ছে ২০১৭ সালের হাসান আলীকে।

২০১৭ সালে ভারতকে হারিয়ৈ চ্যাম্পিয়নস ট্রফি জিতেছিল পাকিস্তান। ফাইনালে ৩ উইকেট নিয়েছিলেন হাসান। আসরজুড়ে দুর্দান্ত বোলিং করে জিতে নেন ম্যান অব দা টুর্নামেন্টের পুরস্কার। ১২ বছরের অপেক্ষা ঘুচিয়ে গতকাল দ্বিতীয় পাকিস্তানি হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পাঁচ উইকেট নেন হাসান। এর আগে ২০০৯ এবং ২০১৩ সালে পাঁচ উইকেট নিয়েছিলেন সাবেক পেসার উমর গুল।

গতকাল ম্যাচ শেষে হাসানের প্রশংসায় পাকিস্তান অধিনায়ক বলেন, ‘সবাই বলছে, ২০১৭ সালের হাসান আলী ফিরে এসেছে। সে সত্যিকার অর্থেই ও দারুণভাবে ফিরেছে। আমি তাকে দেখেছি এনসিএতে (ন্যাশনাল ক্রিকেট একাডেমি) কঠোর পরিশ্রম করতে। দিনে দুই বেলা করে আসত সে। রমজানের সময় সেখানে গিয়ে ইফতার করে ১১-১২টা পর্যন্ত অনুশীলন করত।’

একটা সময় পাকিস্তান দলে অপরিহার্য ছিলেন হাসান। কিন্তু ক্যারিয়ারের উত্থান-পতনে হারিয়ে যেতে বসেছিলেন। তার প্রত্যাবর্তন নিয়ে সালমান আগা আরও বলেন, ‘হাসান তার পরিশ্রমের ফল পাচ্ছে এখন। পিএসএলে সে ভালো বোলিং করেছে, আজকেও যেভাবে বোলিং করেছে, আমি তার তো দারুণ খুশি। সে সত্যিকার অর্থেই ফিরে এসেছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত