হবিগঞ্জে অর্ধ কোটি টাকা মূল্যের ভারতীয় পণ্য আটক 

বিজিবি ৫৫ ব্যাটালিয়নের সদস্যরা হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার তিনটি উপজেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে অর্ধ কোটি টাকা মূল্যের ভারতীয় অবৈধ পণ্য, মাদক ও যানবাহন আটক করেছে। আটক পণ্যের মধ্যে রয়েছে শাড়ি, আতশবাজি, গাঁজা, চিনি, রাবার, সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেল।

বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় মঙ্গলবার রাত থেকে বুধবার পর্যন্ত ২৪ ঘন্টা অভিযান চালিয়ে চুনারুঘাট উপজেলার চিমটি বিল বিওপি এলাকায় ৪৪ লক্ষ ৯১হাজার ৭৮০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও আতশবাজি এবং শ্রীমঙ্গলের গুটিবাড়ি ও কাকমারাছড়া, চুনারুঘাট উপজেলার গুইবিল, মাধবপুর উপজেলার রাজেন্দ্রপুর বিওপি এলাকায় আট লক্ষ ৮৬ হাজার টাকা মূল্যের গাঁজা, চিনি, রাবার, সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেল সাইকেল আটক করা হয়। এর মধ্যে এক লক্ষ ৭৮ হাজার ৫শ টাকা মূল্যের ৫১ কেজি গাঁজা রয়েছে।

উল্লেখ্য, চলতি মে মাসে ২৮ তারিখ পর্যন্ত বিজিবি হবিগঞ্জ ৫৫ ব্যাটালিয়নের নিয়ন্ত্রিত এলাকায় অভিযান চালিয়ে পাঁচ কোটি ৭৭লক্ষ ৭হাজার ৬৭০ টাকা মূল্যের ভারতীয় অবৈধ পণ্য, মাদক ও যানবাহন আটক করেছে।