রিয়াল বেতিসকে ৪-১ গোলে হারিয়ে কনফারেন্স লিগের শিরোপা জিতে নিয়েছে চেলসি। ইউরোপের ক্লাব ফুটবলের শীর্ষ দুই আসর চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপো লিগের শিরোপা তারা দুইবার করে জিতেছে। এবার কনফারেন্স লিগের শিরোপা জয়ের পর তারা ইতিহাসে নাম লেখাল। কারণ, এই তিনটি শিরোপা জয় করা প্রথম ক্লাব চেলসিই। এছাড়া পশ্চিম লন্ডনের ক্লাবটি ২৫ বছর আগে বিলুপ্ত হওয়া উইনার্স কাপ শিরোপাও জিতেছিল।
গতকাল বুধবার রাতে কনফারেন্স লিগ ফাইনালের ৯ম মিনিটেই এজ্জালজুলির গোলে এগিয়েও যায় বেতিস। তবে ধীরে ধীরে ম্যাচে ফিরে আসে চেলসি। প্রথমার্ধে আর কোনো গোল হয়নি। ৬৫ মিনিট পর্যন্ত এগিয়েই ছিল বেতিস। ওই মুহূর্তে এনজো ফার্নান্দেজের গোলে চেলসি সমতায় ফেরে। মিনিট পাঁচেক পর দলকে এগিয়ে নেন নিকোলাস জনসন। এরপর ৮৩ মিনিটে জেডন সাঞ্চো এবং যোগ করা সময়ে ময়জেস কাইসেদো একটি করে গোল করেন।
কনফারেন্স লিগ হলো ইউরোপের মহাদেশীয় ফুটবলের তৃতীয় স্তরের একটি লিগ। এই লিগে চেলসি ছাড়া বাকি দলগুলো আর্থিক সামর্থ্য এবং স্কোয়াডের শক্তির দিক দিয়ে অনেক পিছিয়ে। একমাত্র রিয়াল বেতিসই ‘শক্ত প্রতিপক্ষ’ ছিল চেলসির। তাই তাদের এই শিরোপা জয় না করার কোনো কারণই ছিল না। ফাইনালে গোল না করেও ম্যাচসেরা হয়েছেন কোল পালমার। দুটি গোলে অ্যাসিস্ট করায় তার এই পুরস্কার।
ম্যাচ শেষে চেলসি কোচ এনজো মারেস্কা বলেছেন, ‘আমি খুবই খুশি। প্রথমার্ধে কিছুটা হতাশ হয়েছিলাম, কারণ আমাদের খেলার ধরন ছিল ভুল। দ্বিতীয়ার্ধে আমরা অনেক ভালো খেলেছি। আমরা জানতাম, ওরা (বেতিস) ভালো দল এবং আমাদের পরীক্ষা নেবে। এই প্রতিযোগিতায় যখন খেলছি, এটি আমাদের জিততেই হতো। পরের মৌসুমে আমরা আবার চ্যাম্পিয়ন্স লিগে ছুটব লক্ষ্য নিয়ে।’