হিলিতে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন

শিশু থেকে প্রবীণ পুষ্টিকর খাবার সর্বজনীন এমন স্লোগানে দিনাজপুরের হিলিতে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। 

জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের বাস্তবায়নে বৃহস্পতিবার দুপুর ১২টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে ফিতা কেটে এই কার্যক্রমে উদ্বোধন করা হয়। বুধবার (২৮ মে) থেকে শুরু হয়ে আগামী ৩ জুন পর্যন্ত এই পুষ্টি সপ্তাহ চলবে। পরে সেখানে এক সংক্ষিপ্ত আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা জানান সুস্থ জীবনযাত্রার ভিত্তি হলো সঠিক পুষ্টি। তাই পরিমিত ও সুষম খাদ্যগ্রহণের অভ্যাস গড়ে তোলা, শিশু, গর্ভবতী নারী ও বৃদ্ধদের জন্য উপযুক্ত পুষ্টির বিষয়টি নিশ্চিত করার আহ্বান জানানো হয়। সেই সাথে মানুষের পুষ্টির গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়াতে ও কোন কোন ফলে কি ধরনের পুষ্টি রয়েছে সুসম্পর্কে অবগত করা হয়েছে। 

হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইলতুতমিশ আকন্দ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আরজেনা বেগম, ভেটিরিনারী সার্জন ডা. মোনতাসির মামুন, শিক্ষা কর্মকর্তা শামসুল আলম, সমাজসেবা কর্মকর্তা মাসুদ রানা, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সালাম, হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলামসহ অনেকে।