প্রেস সচিব জানালেন

আগামীতে জাপান হবে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ শ্রমবাজার

আপডেট : ২৯ মে ২০২৫, ০৩:৩৯ পিএম

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আগামী দিনে জাপান বাংলাদেশের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ শ্রমবাজারে পরিণত হবে। যদি বাংলাদেশের মানবসম্পদকে যথাযথভাবে প্রশিক্ষণ দেওয়া যায়, তবে বাংলাদেশের জন্য জাপান ‘বন্যার দ্বার’-এর মতো উন্মুক্ত হবে। 

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের জাপান সফরের দ্বিতীয় দিনে আজ বৃহস্পতিবার টোকিওতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

প্রেস সচিব বলেন, অন্তর্বর্তীকালীন সরকার ইতোমধ্যে জাপানি ভাষাজ্ঞানসম্পন্ন দক্ষ জনবল গড়ে তুলতে নানা উদ্যোগ গ্রহণ করেছে। চলতি বছরে প্রায় তিন হাজার বাংলাদেশি তরুণ জাপানে ভাষা শিক্ষার জন্য এসেছেন।

তিনি আশা প্রকাশ করেন বছর শেষে এই সংখ্যা দশ হাজারে পৌঁছাবে এবং তারা এখানে চাকরি পাবেন।

শফিকুল আলম বলেন, জাপান এখন জনবল নিয়োগের জন্য বাংলাদেশের দিকে তাকিয়ে আছে। টোকিওতে বাংলাদেশ দূতাবাসের আয়োজনে মানবসম্পদ বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়, যেখানে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বক্তব্য রাখেন।

তিনি বলেন, সেমিনারের উদ্দেশ্য ছিল জাপানি কোম্পানিগুলোকে জানানো যে বাংলাদেশের কাছে পর্যাপ্ত মানবসম্পদ রয়েছে এবং দেশটি তা জাপানে পাঠাতে প্রস্তুত। সেমিনারে জাপানের উল্লেখযোগ্য সংখ্যক কোম্পানির প্রতিনিধি অংশগ্রহণ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত