বৈরি আবহাওয়ায় পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল বন্ধ

বৈরি আবহাওয়া ও ভারী বৃষ্টির কারণে মানিকগঞ্জের আরিচা-কাজিরহাট নৌরুটে লঞ্চ-স্পিডবোড, ইঞ্জিনচালিত নৌকা চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন কর্তৃপক্ষ (বিআইডব্লউটিএ) আরিচা আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক নাসির মোহাম্মদ চৌধুরী।

এছাড়া দুপুর সাড়ে ৩টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া রুটেও ফেরি চলাচল বন্ধ হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ঘাট ম্যানেজার আব্দুস সালাম।

জানা গেছে, সকাল থেকে সাগরে নিম্নচাপের কারণে সারাদেশে অভ্যন্তরীণ রুটে ৩ ও ২ নম্বর নৌ সংকেত চলছে। বৈরী আবহাওয়ার কারণে মাঝ যমুনা নদীতে ঢেউয়ের সৃষ্টি হয়েছে। যার কারণে দুর্ঘটনা এড়াতে সাময়িক সময়ের জন্য নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। লঞ্চ-স্পিডবোট গুলোকে নিরাপদে তীরে নোঙর করে রাখা হয়েছে। 

বিআইডব্লিউটিএ বন্দর ও পরিবহন বিভাগ আরিচা নদী বন্দর উপ-পরিচালক মো. সেলিম শেখ দেশ রূপান্তরকে জানান, আমাদের এখানে ২ নম্বর নৌ সংকেত চলছে। এরই ধারাবাহিকতায় সকাল থেকেই বৈরী আবহাওয়া কারণে লঞ্চ-স্পিডবোট চলাচল বন্ধ রাখা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।