বৈরি আবহাওয়ার কারণে প্রায় চার ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) আরিচা আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক আব্দুস সালাম তথ্যটি নিশ্চিত করেছেন।
বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ বৃহস্পতিবার (২৯ মে) দুপুর সাড়ে ৩টা থেকে চলাচল বন্ধ করে দেয়। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বৈরা আবহাওয়া ও ঝড়ো বাতাস স্বাভাবিক হলে পুনরায় ফেরি চলাচল শুরু করে।
অপরদিকে, সকাল ৯টার থেকে আরিচা-পাটুরিয়া রুটে লঞ্চ-স্পিডবোর্ড চলাচল বন্ধ রয়েছে।
জানা যায়, সকাল থেকে সাগরে নিম্নচাপের কারণে সারাদেশে অভ্যন্তরীণ রুটে ৩ ও ২ নম্বর নৌ সংকেত চলছে। বৈরী আবহাওয়ার কারণে মাঝ যমুনা নদীতে ঢেউয়ের সৃষ্টি হয়েছে। যার কারণে দুর্ঘটনা এড়াতে সাময়িক সময়ের জন্য নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। লঞ্চ-স্পিডবোট গুলোকে নিরাপদে তীরে নোঙর করে রাখা হয়েছে।
সহকারী মহাব্যবস্থাপক আব্দুস সালাম দেশ রূপান্তরকে জানান, পরিস্থিতি অনুকূলে আসায় সন্ধ্যা সাড়ে ৭টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। পাটুরিয়াঘাটে ছোট বড় ১৩টি ফেরি চলাচল করছে। পাটুরিয়া ঘাট প্রান্তে প্রায় ৫০টির মতো যানবাহন পারাপারের অপেক্ষায় আছে। এক ঘণ্টার ভিতরেই পারাপার করা সম্ভব।