পাটুরিয়া ঘাট

বাড়তি ভাড়া দিয়েই ফিরতে হচ্ছে ঢাকায়

আপডেট : ২১ জুন ২০২৪, ০৮:১৩ পিএম

ঈদের আনন্দ পরিবারের সঙ্গে ভাগাভাগি শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছে মানুষ। পাটুরিয়া ঘাটে কর্মস্থলে ফেরা যাত্রীদের চাপে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। ঘাটে জিপি দিয়েই যাত্রী উঠানো হচ্ছে এসব পরিবহনে। চালকদের অভিযোগ- মালিক সমিতির নাম করে প্রতিটি গাড়ি থেকে জিপির নামে আদায় করা হচ্ছে ২০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত।

খোঁজ নিয়ে জানা গেছে, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষের যাতায়াতের অন্যতম প্রবেশদ্বার পাটুরিয়া ঘাট। এ ঘাটে সেলফি, নীলাচল, পদ্মা,  শুভযাত্র, স্বপ্ন, যোগাযোগ, যাত্রীসেবা পরিবহনে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করে।

আজ শুক্রবার শেষ বিকেলে সরেজমিনে দেখা গেছে, পাটুরিয়া ফেরি ও লঞ্চ ঘাট থেকে আধা কিলোমিটার দূরবর্তী পুরাতন ট্রাক টার্মিনাল থেকে ঢাকাগামী গাড়িগুলো যাচ্ছে। এসব গাড়িতে যাত্রীদের থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। স্বাভাবিক সময় যেখানে নবীনগর ১০০, সাভার ১২০ ও গাবতলী ১৫০/১৮০ টাকা ভাড়া। সেখানে এখন নেওয়া হচ্ছে সাভার-নবীনগর ২০০ ও গাবতলী ৩০০ টাকা করে।

যশোর থেকে আশা যাত্রী মাহবুব বলেন, লোকাল বাসে ২০০ টাকা দিয়ে নবীনগর যেতে হচ্ছে। সুযোগ পেলেই এসব গাড়ি থেকে অতিরিক্ত ভাড়া আদায় করে প্রতিবছর। প্রশাসন কার্যকর ব্যবস্থা নিলে হয়তো অতিরিক্ত ভাড়া নেওয়া বন্ধ হবে।

আব্দুল আওয়াল যাবেন গাবতলী মাজার রোড। ঘাট থেকে তিনি উঠেছেন নীলাচলবাসে। গাবতলী ভাড়া নেওয়া হচ্ছে ৩০০ টাকা করে। অতিরিক্ত ভাড়া না দিয়ে কোনও গাড়ি পাচ্ছি না। নিরুপায় হয়ে যেতে হচ্ছে।

শুভযাত্রা বাসের চালক মিলন জানান, কিছু ভাড়া বেশি নেওয়া হচ্ছে। এখান থেকে গাড়ি ভরে গেলও ফেরার সময় খালি আসতে হয়। তার মধ্যে ঘাটে জিপি দেওয়া হচ্ছে ৩০০ টাকা ও মানিকগঞ্জে দেওয়া হচ্ছে ১ হাজার টাকা। রোডের খরচটা উঠানোর জন্য এখান থেকে অতিরিক্ত ভাড়া নিয়ে হচ্ছে বলে জানান এই চালক।

ঘাটের দায়িত্বে থাকা মালিক সমিতির প্রতিনিধি সুলতান এ বিষয়ে জানান, মালিক সমিতির নির্দেশেই ঈদ উপলক্ষে বেশি জিপি নেওয়া হচ্ছে। এটা নতুন কিছু নয়। আরও কিছু জানার থাকলে মালিক সমিতির সঙ্গে কথা বলেন।

এ বিষয়ে শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. বেলাল হোসেন দেশ রূপান্তরকে জানান, ঘাটে বাড়তি ভাড়া নেওয়ার কোনও সুযোগ নেই। যারা অতিরিক্ত ভাড়া নিচ্ছে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত