ঈদে ডিজিটাল লেনদেন নিরবচ্ছিন্ন রাখার নির্দেশ

ঈদুল আজহার ছুটিতে সব ধরনের ডিজিটাল লেনদেন নিরবচ্ছিন্ন রাখতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক গতকাল বৃহস্পতিবার এক প্রজ্ঞাপনে বলেছে, ঈদুল আজহার ছুটিতে এটিএম, পিওএস, ইন্টারনেট ব্যাংকিং, অনলাইন ই-পেমেন্ট গেটওয়ে ও মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে গ্রাহকরা যাতে নিরবচ্ছিন্ন লেনদেন করতে পারে সেই ব্যবস্থা করতে হবে।

এ ছাড়া ঈদের ছুটিতে সেবাদানের সিস্টেমে সার্বিক নিরাপত্তা বজায় রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। ঝুঁকি মোকাবিলায় অন্যান্য প্রস্তুতিও নিতে বলা হয়েছে। গ্রাহককে লেনদেনের তথ্য এসএমএস অ্যালার্টের মাধ্যমে জানাতে বলা হয়েছে। পাশাপাশি গ্রাহক সচেতনতা সৃষ্টিতে বিভিন্ন ধরনের প্রচারণার উদ্যোগ নিতে বলা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়েছে, সব এটিএম সার্বক্ষণিক চালু রাখতে হবে। কোনো ধরনের যান্ত্রিক ত্রুটি দেখা দিলে তা দ্রুততম সময়ে শেষ করতে হবে। বুথে পর্যাপ্ত টাকার সরবরাহ নিশ্চিত করতে হবে। এটিএমে টাকা উত্তোলনের নিজস্ব গ্রাহক এবং অন্য ব্যাংকের গ্রাহকের লেনদেন সীমা সমান রাখতে হবে।

পয়েন্ট অব সেলস বা পিওএস বিষয়ে বলা হয়েছে, এর সার্বক্ষণিক সেবা নিশ্চিত করতে হবে এবং জালজালিয়াতি রোধে মার্চেন্ট ও গ্রাহক সচেতন থাকবে। ইন্টারনেট ব্যাংকিং এবং অনলাইন ই-পেমেন্ট গেটওয়ের ক্ষেত্রে বলা হয়েছে, অ্যাকাউন্টের মাধ্যমে সম্পাদিত লেনদেন এবং অনলাইন ই-পেমেন্ট গেটওয়েতে কার্ডভিত্তিক ‘কার্ড নট প্রেজেন্ট’ লেনদেনের ক্ষেত্রে উভয় পক্ষের প্রমাণ (টু ফ্যাক্টর অথেনটিকেশন) নিশ্চিত করতে হবে। মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) ক্ষেত্রে বলা হয়েছে, সব ব্যাংক ও তাদের সাবসিডিয়ারি কোম্পানি গ্রাহকদের নিরবচ্ছিন্ন লেনদেনের ব্যবস্থা করবে।