ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মধ্যে অসুস্থ গরু বিতরণ

বগুড়া সারিয়াকান্দিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উপকারভোগীদের মধ্যে অসুস্থ গরু বিতরণ করার অভিযোগ উঠেছে। তা ছাড়া উপকারভোগীর তালিকায় নাম থাকলেও সাতজন এখনো গরু পাননি। তবে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা দাবি করে বলেন, সবগুলো গরু বিতরণ করা হয়েছে।

উপজেলা প্রাণিসম্পদক কার্যালয় ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সূত্রে জানা যায়, সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ প্রকল্পের আওতায় সারিয়াকান্দি উপজেলা প্রাণিসম্পদ দপ্তর থেকে ৬৬ জন উপকারভোগীকে গরু বিতরণ করা হবে। সে লক্ষ্যে প্রথম পর্যায়ে গত ২৩ মে উপজেলার ৩৩ জন উপকারভোগীদের মধ্যে গরু বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সেখানে উপকারভোগীদের মধ্যে বিতরণের জন্য যেসব গরু নিয়ে আসা হয়েছে তার বেশিরভাগই অসুস্থ। কয়েকটি গরু লাম্পি স্কিন ডিজিসে আক্রান্ত ছিল।

উপকারভোগী শ্রীমতি বারাণী রাণী বলেন, ‘গরুগুলোর গায়ে ঘায়ের মতো দাগ দেখে আমরা গরু নেইনি। কিন্তু এখন শুনছি গরুগুলো অন্য কাউকে দেওয়া হয়েছে।’