টাঙ্গাইলের মির্জাপুরের গোড়াই ফ্লাইওভারের ওপর দুই মোটরসাইকেল আরোহীকে পেছন থেকে একটি ট্রাক চাপা দিলে দুজনেই গুরুতর আহত হন। গতকাল বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। আহতরা হলেন জেলার কালীহাতি উপজেলার সরাতৈল গ্রামের শামীম হোসেন (৩০) ও তার স্ত্রী রুপালি (২৯)। তারা দুজনে ঢাকা থেকে টাঙ্গাইলের কালীহাতি যাচ্ছিলেন। কিন্তু পথিমধ্যে বৃষ্টিস্নাত রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভারে পড়ে যান তারা। পরে তাদের ট্রাক চাপা দেয়।
দুর্ঘটনার পর প্রায় আধঘণ্টা যন্ত্রণায় ছটফট করতে করতে ‘আল্লাহ, আল্লাহ’ বলে আর্তনাদ করলেও কেউ এগিয়ে আসেননি। এমন সময় হাজির হন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম আরিফুল ইসলাম। পরে ফায়ার সার্ভিস খবর দিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন তিনি।