ফেনীতে আলোচিত শিশু নাশিতকে বর্বরোচিত হত্যা মামলার প্রধান আসামি আশরাফ হোসেন তুষারের মিথ্যা তথ্য দাখিল করে নারী ও শিশু নির্যাতন আদালতে জামিন নেওয়ার চেষ্টা করেন তার আইনজীবী। ছাগলনাইয়ার রাধানগর ইউনিয়নের নিজপানুয়া গ্রামের বাসিন্দা আশরাফ হোসেন তুষারের নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার গোপালদী পৌরসভার নতুন করে ইস্যুকৃত জন্ম সনদে বয়স কমিয়ে ফেনীর নারী ও শিশু আদালতে জামিনের আবেদন করে তার আইনজীবী অ্যাড. নুরুল আনোয়ার ভুঁইয়া।
জানা যায়, আশরাফ হোসেন তুষারের নিজ ইউনিয়ন ছাগলনাইয়ার রাধানগর ইউপির জন্ম নিবন্ধন, জেএসসির বোর্ড সার্টিফিকেট, এসএসসির বোর্ড সার্টিফিকেট ও সর্বশেষ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে কম্পিউটার ও তথ্য প্রযুক্তি বিষয়ের ভর্তির আবেদন কপি অনুযায়ী জন্মতারিখ ৩১ অক্টোবর ২০০৪। কিন্তু নারায়ণগঞ্জের গোপালদী পৌরসভায় নতুন জন্ম নিবন্ধনে তার জন্ম তারিখ ২ ফেব্রুয়ারি ২০০৯ উল্লেখ করা হয়েছে। জন্ম নিবন্ধনে তার পিতা-মাতার নাম ভুল রয়েছে এবং রেজিস্ট্রেশন তারিখ দেখানো হয়েছে গত ৪ মার্চ। গত বুধবার (২৮ মে) নতুন এ জন্ম নিবন্ধনের মাধ্যমে তুষারকে শিশু দেখিয়ে ফেনীর নারী ও শিশু আদালতে জামিনের আবেদন করে। বিচারক জামিন না মন্জুর করেন।
বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট সাহাব উদ্দিন বলেন, নতুন এ জন্ম নিবন্ধনের মাধ্যমে প্রকৃত অর্থে ৫ বছর বয়স কমিয়ে আত্মস্বীকৃত খুনের মামলা ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করছে।
গত বছরের ৮ ডিসেম্বর নিখোঁজের চারদিন পর আসামিদের দেখানো ফেনী পৌর এলাকার দেওয়ানগঞ্জে পরিত্যক্ত ডোবা থেকে চতুর্থ শ্রেণি পড়ুয়া শিশু নাশিতের লাশ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে আশরাফ হোসেন তুষার (২০), মো. মোবারক হোসেন ওয়াসিম (২০) ও ওমর ফারুক রিফাত (২০) নামে তিনজনকে গ্রেপ্তার করে।