দেশে নির্বাচনের কোনও পরিবেশ নেই: জামায়াত নেতা রেজাউল করিম

এতিমরা অসহায় ও সমাজের সুবিধাবঞ্চিত শ্রেণির অংশ। তাই এতিমদের কল্যাণে ও দুর্দশা লাগবে সরকার, বিভিন্ন রাজনৈতিক দল, দাতা সংস্থা, দাতব্য প্রতিষ্ঠানসহ সমাজের বিত্তবান মানুষদের মুক্ত হস্তে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম।

আজ শুক্রবার রাজধানীর একটি মিলনায়তনে আদাবর থানা জামায়াত আয়োজিত এতিমদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

থানা আমির আল আমীন সবুজের সভাপতিত্বে ও সেক্রটারি আশরাফুজ্জামান মিঠুর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় নেতৃবৃন্দ।

তিনি বলেন, ইসলাম একটি কালজয়ী ও শাস্বত জীবনাদর্শ। আল্লাহ রাব্বুল আলামীন যুগে যুগে নবী-রাসূল প্রেরণ করেছেন অন্য সব দ্বীনের ওপর দ্বীনে হক্ব তথা ইসলামকে বিজয়ী করার জন্য।

তিনি আরো বলেন, জামায়াতের ইসলামী এদেশে আল্লাহর আইন ও সৎলোকের শাসন প্রতিষ্ঠার করে ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সকল মানুষের অধিকারের নিশ্চয়তা প্রদান করতে চায়। আমরা এমন এক সমাজ প্রতিষ্ঠা করতে চাই, যে সমাজে সততা, যোগ্যতা ও তাক্বওয়া অনুযায়ী রাষ্ট্রীয় দায়িত্ব প্রদান করা হবে। সেখানে কোনো ধর্ম, মত ও পথকে প্রাধান্য দেওয়া হবে না বরং সকল ক্ষেত্রে সততা, দেশ ও জাতির প্রতি দায়বদ্ধতাই হবে যোগ্যতার মানদণ্ড। জামায়াত সকল শ্রেণির নাগরিকের মধ্যে শ্রদ্ধা, ভালোবাসা ও পারস্পারিক আন্তরিকতা প্রতিষ্ঠা করতে বদ্ধপরিকর।

তিনি আসন্ন নির্বাচন প্রসঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, পতিত বাকশালী ও ফ্যাসিবাদীরা রাষ্ট্রের সকল অঙ্গ প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে। তাই বিদ্যমান অবস্থায় দেশে অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের কোনও পরিবেশ নেই। তাই অন্তর্বর্তী সরকারকে অগ্রাধিকার ভিত্তিতে রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার, গণহত্যাকারীদের বিচার এবং সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে। ভোটাররা যাতে পছন্দের প্রার্থী নির্বিঘ্নে ভোট দিতে পারে সে ব্যবস্থাও গ্রহণ করা জরুরি।