হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বৈরী আবহাওয়া ও ভারী বৃষ্টিপাতের কারণে কিছু ফ্লাইটে সাময়িক বিলম্ব হলেও বর্তমানে সব আন্তর্জাতিক ফ্লাইটের উড্ডয়ন ও অবতরণ কার্যক্রম স্বাভাবিকভাবে পরিচালিত হচ্ছে।
আজ শুক্রবার বেবিচক এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, যাত্রী ও এয়ারলাইন্স উভয়ের জন্য স্বস্তির বিষয় হলো এখন পর্যন্ত কোনো ফ্লাইটকে বিকল্প গন্তব্যে সরিয়ে নিতে হয়নি। যেকোনো সম্ভাব্য পরিস্থিতি দক্ষতার সঙ্গে মোকাবিলা করার জন্য বিমানবন্দর কর্তৃপক্ষ সার্বক্ষণিক এয়ারলাইন্স, সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি সংস্থা ও আবহাওয়া অধিদপ্তরের সঙ্গে সমন্বয় করে কাজ করছেন।
এতে আরও উল্লেখ করা হয়, যাত্রীসেবার মান বজায় রাখতে বিমানবন্দরে বিশেষ নজরদারি জোরদার করা হয়েছে। একইসঙ্গে গাজীপুর ও বনানী এলাকা থেকে বিমানবন্দরগামী যাত্রীদের নির্বিঘ্নে যাতায়াত নিশ্চিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগসহ সংশ্লিষ্ট সড়ক ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে; যাতে যাত্রীরা নির্ধারিত ফ্লাইট মিস না করেন।
এ ছাড়া যেসব যাত্রী খারাপ আবহাওয়ার কারণে ফ্লাইট মিস করেছেন বা করবেন, তাদের পরবর্তী ফ্লাইটে দ্রুততম সময়ে স্থানান্তরের জন্য যথাযথ পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রাকৃতিক দূর্যোগের বিষয়টি বিবেচনা করে এ-সংক্রান্ত প্রযোজ্য ফি মওকুফের জন্য সব এয়ারলাইন্সকে অনুরোধমূলক নির্দেশনাপত্র পাঠানো হয়েছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যানের সার্বক্ষণিক পর্যবেক্ষণ ও দিকনির্দেশনায় তারা দৃঢ়ভাবে যাত্রীসেবার মান নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।