শাহজালাল বিমানবন্দর থেকে উধাও মালয়েশিয়াগামী ৭১ যাত্রী

আপডেট : ০৫ জুলাই ২০২৬, ১২:৫৭ এএম

মালয়েশিয়াগামী বিমানে ভ্রমণের জন্য ৭৬ জন যাত্রী চেক-ইন সম্পন্ন করে বোর্ডিং পাস নিয়েছিলেন। তবে শেষ মুহূর্তে পাঁচ যাত্রীর ভিসা ও পাসপোর্টের তথ্যের মধ্যে অসঙ্গতি ধরা পড়ে। এরপর বাকি ৭১ যাত্রী একে একে বিমানবন্দর থেকে উধাও হয়ে যান। পরে তাদের কেউই বিমানে ওঠেননি।

ঘটনাটি ঘটেছে শনিবার (৪ জুলাই) রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-মালয়েশিয়া রুটের বিজি-৩৮৬ ফ্লাইটে। রাত ৮টা ৩৫ মিনিটে বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার উড়োজাহাজটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যায়। ফ্লাইটটিতে মোট ২৪৫ জন যাত্রীর ভ্রমণের কথা ছিল।

বিমানবন্দর সূত্র জানায়, এই ফ্লাইটের ৭৬ জন প্লেনে চড়েননি। তাদের রেখেই চলে যায় ফ্লাইট। ৭৬ জনের মধ্যে বোর্ডিং গেটে পাঁচজন যাত্রীর ভিসার সঙ্গে পাসপোর্টের মিল না থাকায় তাদের অফলোড করা হয়।

এই তথ‍্য জানার পরপরই ওই ফ্লাইটের অনেক যাত্রী বিমানবন্দর থেকে সরে পড়েন। ৭১ জন যাত্রী শেষ পর্যন্ত বিমানে ওঠেননি।

ইমিগ্রেশন পুলিশের কাছে জাল ই-ভিসা শনাক্ত করার সুযোগ থাকে। যাত্রীদের ভিসা যথাযথভাবে যাচাই না করেই 'ভেরিফায়েড' হিসেবে গ্রহণ করে বিমান সংস্থার চেক-ইন কাউন্টার থেকে বোর্ডিং পাস ইস্যু করা হয়। এরপর ইমিগ্রেশনও তাদের বিদেশযাত্রার অনুমতি দেয়। অথচ বোর্ডিং গেটে গিয়ে পাঁচজনের ভিসা জাল বলে ধরা পড়ে।

একজন প্রত্যক্ষদর্শী জানান , বোর্ডিং চলাকালে হঠাৎ কয়েকজন যাত্রীকে আলাদা করে জিজ্ঞাসাবাদ শুরু হয়। পরে জানতে পারি, তাদের ভিসা নিয়ে সমস্যা পাওয়া গেছে। এরপর বোর্ডিং লাইনে থাকা আরও কয়েকজন যাত্রীকে আর দেখা যায়নি। কিছুক্ষণ পর বিমানবন্দর কর্তৃপক্ষ কয়েকজন যাত্রীকে অফলোড করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত