দায়িত্ব নিয়েই সাকিবকে দলে ফেরানোর বিষয়ে মুখ খুললেন বুলবুল

রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশে ফিরতে পারছেন না সাকিব আল হাসান। দেশের মাটিতে টেস্ট থেকে বিদায় নেওয়ার ইচ্ছা প্রকাশ করলেও তা সম্ভব হয়নি। ভারত সিরিজের পর থেকে তিনি আর জাতীয় দলে নেই। আজ বিসিবি সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম সংবাদ সম্মেলনে এ বিষয়ে মুখ খুলেছেন আমিনুল ইসলাম বুলবুল।

শুক্রবার সন্ধ্যায় মিরপুর শেরেবাংলায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বুলবুলের কাছে প্রশ্ন ছিল- জাতীয় দলের পারফর্মেন্সের এই করুণ অবস্থায় সাকিবকে ফেরানোর ব্যাপারে কোনো ভাবনা আছে কিনা। জবাবে বুলবুল বলেন, ‘সাকিব তো বিশ্বের অন্যতম সেরা অল-রাউন্ডার এবং আমরা আশা করব সাকিব ফ্রি থাকবে ও ভালো ক্রিকেট খেলবে।’

নবনির্বাচিত বিসিবি সভাপতিকে প্রশ্ন করা হয়- সাকিবকে ফেরানোর বিষয়ে ক্রীড়া উপদেষ্টার সঙ্গে তার কোনো কথা হয়েছে কিনা? এবার বুলবুল বল ঠেলে দেন নির্বাচকদের কোর্টে, ‘উপদেষ্টা তো আর নির্বাচক নয়। আমাদের বোর্ডের যে নির্বাচক কমিটি আছে, এটা তারা দেখবে্ এটার একটা প্রসেস ও সিস্টেম আছে, সেটা তারা ফলো করবে।’