কিছুদিন আগেই আইসিসির ওয়ানডে র্যাঙ্কিংয়ে দশ নম্বরে নেমে গিয়েছিল বাংলাদেশ। বাকি দুই ফরম্যাটেও এমন আশঙ্কা তৈরি হয়েছিল। হলোও তাই। পাকিস্তানের কাছে সিরিজ হারের পর টি-টোয়েন্টিতেও দশ নম্বরে নেমে গেছে বাংলাদেশ। টেস্টেও বাংলাদেশ দলের অবস্থা ভালো নয়, এখন পর্যন্ত নবম স্থানে অবস্থান করছে।
আরব আমিরাত এবং পাকিস্তান সফর মিলিয়ে টানা চারটি টি-টোয়েন্টিতে হেরেছে বাংলাদেশ। দুটি দলের কাছেই সিরিজ হারতে হয়েছে। এতে টাইগারদের রেটিং পয়েন্ট ২২৫ থেকে কমে হয়েছে ২২০। তাই ২২৩ পয়েন্ট নিয়ে দশ নম্বরে থাকা আফগানিস্তান উঠে গেছে নয়ে, বাংলাদেশ নেমে গেছে দশে। ২০২ পয়েন্ট নিয়ে বাংলাদেশের ঠিক পরেই আছে আয়ারল্যান্ড। পাকিস্তানের কাছে তো এখন হোয়াইটওয়াশড হওয়ার শঙ্কায় আছে লিটন দাসের দল।
টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের শীর্ষে আছে বিশ্ব চ্যাম্পিয়ন ভারত। তাদের রেটিং পয়েন্ট ২৭১। দুই নম্বরে ২৬২ রেটিং নিয়ে আছে অস্ট্রেলিয়া। পরের স্থানগুলোতে আছে যথাক্রমে- ইংল্যান্ড (২৫৪), নিউজিল্যান্ড (২৪৯), ওয়েস্ট ইন্ডিজ (২৪৬), দক্ষিণ আফ্রিকা (২৪৫) ও শ্রীলঙ্কা। সদ্য বাংলাদেশকে সিরিজ হারানো পাকিস্তান আট নম্বরেই আছে, তবে তাদের রেটিং পয়েন্ট বেড়ে হয়েছে ২২৯। আর বাংলাদেশকে সিরিজ হারানো আরব আমিরাত ১৮৩ পয়েন্ট নিয়ে আছে ১৫ নম্বরে।