মহাকাব্যিক ২৪২ রানে র‌্যাঙ্কিংয়ে ১১৫ ধাপ এগোলেন হৃদয়

আপডেট : ১১ নভেম্বর ২০২৬, ০৭:৪৫ পিএম

সিলেট টেস্টের উইকেটে ধ্বংসস্তূপের মাঝে দাঁড়িয়ে যে রূপকথা লিখেছিলেন তাওহীদ হৃদয়, তার সুবাস এখন ছড়িয়ে পড়েছে বিশ্বমঞ্চেও। উইন্ডিজ বোলারদের ওপর রীতিমতো ঝড় বইয়ে দিয়ে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম ইনিংসে অপরাজিত ২৪২ রানের অবিশ্বাস্য ইনিংস খেলার সুবাদে আইসিসির সাপ্তাহিক র‍্যাঙ্কিংয়ে এক লাফে ১১৫ ধাপের দীর্ঘ পথ পাড়ি দিয়েছেন এই ডানহাতি ব্যাটার। 

মিরপুর টেস্টের ব্যর্থতার পর সমালোচনার জবাব ব্যাটে দিয়ে যেভাবে তিনি ঘুরে দাঁড়িয়েছেন, তারই যেন স্বীকৃতি মিলল আইসিসির নতুন হালনাগাদকৃত তালিকায়। ৫১১ রেটিং পয়েন্ট নিয়ে সোজা ৬০ নম্বরে অবস্থান করে নিয়েছেন হৃদয়।

স্মরণীয় টেস্টে ব্যাট হাতে অবিশ্বাস্য সব শট খেলেছিলেন হৃদয়। ২২টি চারের পাশাপাশি রেকর্ড ১১টি ছক্কা হাঁকিয়ে একে একে মুমিনুল, তামিম ও মুশফিকদের ছাড়িয়ে যান তিনি। এর আগে ২০১৮ সালে মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে মুশফিকের অপরাজিত ২১৯ রানের ইনিংসটিই ছিল টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ ব্যক্তিগত রান। সেই তালিকায় এখন শীর্ষে হৃদয়। 

এদিকে একই ম্যাচে দ্বিতীয় ইনিংসে দায়িত্বশীল ৮২ রানের আরেকটি দুর্দান্ত ইনিংস খেলে ম্যাচসেরার পুরস্কার জেতার পাশাপাশি টেস্ট ক্রিকেটে বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে এক ম্যাচে ৩০০ রানের মাইলফলকও স্পর্শ করেন তিনি। এই জোড়া ইনিংসের সম্মিলিত ফল হিসেবেই আইসিসির র‍্যাঙ্কিংয়ে এল এই রেকর্ডগড়া লাফ।

হৃদয়ের এই রকেটগতির অগ্রগতির দিনে বাংলাদেশ শিবিরে অবশ্য স্বস্তির খবর নেই সব ক্ষেত্রে। দলের অন্য ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে কিছুটা মিশ্র চিত্র দেখা গেছে। সদ্য সমাপ্ত সিরিজে রানখরায় ভোগায় ছয় ধাপ পিছিয়ে ৩২ নম্বরে নেমে গেছেন টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এছাড়া মুমিনুল হক ৩৮ নম্বরে অবস্থান করছেন, আর ২২তম স্থানে থাকা মুশফিকুর রহিম এবং লিটন দাস (৩৩তম) তাদের আগের পজিশন অক্ষুণ্ণ রেখেছেন। 

বোলারদের তালিকায় মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলামের কিছুটা অবনতি হলেও, প্রথম ইনিংসে ৬ উইকেট শিকার করে ৬ ধাপ এগিয়ে ৩২তম স্থানে নিজের অবস্থান পোক্ত করেছেন তরুণ পেসার হাসান মাহমুদ।

অন্যদিকে, বাংলাদেশের বিপক্ষে সিরিজে দুর্দান্ত পারফর্ম করার সুবাদে বড় লাফ দিয়েছেন ক্যারিবীয় তারকারাও। সিলেট টেস্টে দুই ইনিংসে সেঞ্চুরি তুলে নেওয়া কাভেম হজ ১২ ধাপ এগিয়ে ৫২তম এবং প্রথম ইনিংসে ১৩৩ রান করা আমির জাঙ্গু ২৮ ধাপ এগিয়ে ৬২তম স্থানে উঠে এসেছেন। এছাড়া বল হাতে ১৬ উইকেট নিয়ে সিরিজসেরা হওয়া বাঁহাতি স্পিনার জোমেল ওয়ারিক্যান ক্যারিয়ারসেরা ৬৬৫ রেটিং পয়েন্ট নিয়ে যৌথভাবে ১৯তম স্থানে জায়গা করে নিয়েছেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত