আর কয়েকঘণ্টা পরই ইউরোপ সেরার শিরোপা লড়াইয়ে ইন্টার মিলানের মুখোমুখি হতে যাচ্ছে পিএসজি। ফরাসি ক্লাবটির কোচ লুইস এনরিকে শিরোপা জিততে চান তার প্রয়াত শিশুকন্যা জানা’র জন্য। জানা মাত্র ৯ বছর বয়সে ক্যান্সারে আক্রান্ত হয়ে চিরবিদায় নিয়েছিল। এই ধাক্কা পুরোপুরিভাবে বদলে দেয় তাঁর জীবন–দর্শন। মেয়ের স্মৃতি ফেরাতেই তিনি এই শিরোপা জিততে চান।
২০১৯ সালে মেয়েকে হারিয়েছিলেন এনরিকে। অনেক চেষ্টা করেও তাকে বাঁচানো যায়নি। সন্তান হারানোর ধাক্কা সামলে তিনি আবারও ফিরেছেন কোচিংয়ে। ২০১৫ সালে বার্সেলোনার হয়ে প্রথম মৌসুমেই তিনি চ্যাম্পিয়নস লিগ জিতেছিলেন। এবার পিএসজির হয়েও সেটা করতে চান। কারণ, আনন্দের মুহূর্তগুলোতেই এনরিকে নিজেকে তার মেয়ের আরও কাছাকাছি অনুভব করেন।
উয়েফাকে দেওয়া এক সাক্ষাৎকারে এনরিকে বলেছেন, ‘আমার অসাধারণ কিছু স্মৃতি আছে; কারণ, আমার মেয়ে পার্টি করতে খুব ভালোবাসত। আমি নিশ্চিত, সে যেখানেই থাকুক, এখনও উদ্যাপন করছে। এখনো মনে পড়ে বার্লিনে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের পর তার সঙ্গে তোলা এক দুর্দান্ত ছবির কথা—জয়ের পর সে মাঠে বার্সেলোনার পতাকা ওড়াচ্ছিল। এবার আমি আশা করি, পিএসজির হয়েও একই কাজ করতে পারব। আমার মেয়েটা শারীরিকভাবে সেখানে থাকবে না, কিন্তু মানসিকভাবে থাকবে—আর আমার জন্য সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
এনরিকের জন্ম উত্তর স্পেনের আস্তুরিয়াস শহরে। ছোটবেলা থেকেই সেখানকার প্রবল বৃষ্টিপাতের সঙ্গে তিনি পরিচিত। তাই নিজের ক্যারিয়ারকে একটানা ঝরে যাওয়া বৃষ্টির সঙ্গেই তুলনা করেছেন ৫৫ বছর বয়সী এই কোচ, ‘আমি এমন কেউ নই যে তিন-চার বছর পর শিরোপা জয়ের স্বপ্ন দেখে। এটা যেন আমার শহর গিহনে বসে বৃষ্টি থামার অপেক্ষা করার মতো। বৃষ্টি তো ঝরতেই থাকবে। তাই যত তাড়াতাড়ি সম্ভব জেতার জন্য চেষ্টা করতে হয়।’