জমি দখলের চেষ্টা, ভাগনের বিরুদ্ধে মামার সংবাদ সম্মেলন

ঝিনাইদহের দৌলতপুর ইউনিয়নের ফতেপুর গ্রামে ত্রাস সৃষ্টি করে আপন মামার ১৪৬ শতক জমি দখলের চেষ্টা করছেন উজ্জল সরদার নামে এক যুবক। অস্ত্রধারী সন্ত্রাসী পাঠিয়ে তার মামা, মামানি ও খালাদের বিভিন্নভাবে হুমকি প্রদান করছে।

আজ শনিবার দুপুরে ঝিনাইদহ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন হরিণাকুন্ডু উপজেলার ফতেপুর গ্রামের এবাদত মন্ডলের ছেলে গোলাম মোস্তফা শলোক।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শলোকের স্ত্রী হাসিনা বেগম, ভগ্নিপতি গোপিনাথপুর গ্রামের ফজলুর রহমান, বোন সোনাভানু, ভাগ্নি ফুলহরি গ্রামের শেফালী খাতুন, কন্যা মাফিয়া খাতুন অহনা ও প্রতিবেশী বাদল মন্ডল।

সংবাদ সম্মেলনে গোলাম মোস্তফা শলোক দাবি করেন, তার পিতা মৃত্যুর আগে জমি বিক্রি করেননি। বরং এই ১৪৬ শতক জমির মধ্যে তার মা হালিমা খাতুনের নামে ৭৩ শতক ও মেজো মেয়ে হাসিয়া খাতুনের নামে ৭৩ শহক জমি রেজিস্ট্রি করে দেন।

পরে ১৯৮৫ সালে তার মা ও বোন সর্বমোট ১৪৬ শতক জমি তার নামে রেজিস্ট্রি করে দেন। এই ১৪৬ শতক জমির দলিল, নামপত্তন, দখল, খাজনার দাখিলা ও রেকর্ড সবই গোলাম মোস্তফা শলোকের নামে। কিন্তু তার ভাগ্নে উজ্জল সরদার তার মায়ের নামে জমি আছে এমন দাবি করে প্রতিনিয়ত হত্যা ও জমি দখলের হুমকি দিয়ে যাচ্ছেন।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, ভাগ্নে উজ্জল সরদার পূর্ববাংলার সামরিক কমান্ডার হানেফের সহযোগী হিসেবে কাজ করত। হানেফ নিহত হওয়ার পর আলমডাঙ্গার একটি সন্ত্রাসী দলে যোগ দিয়ে জমির জন্য তার মামা গোলাম মোস্তফা শলোককে হত্যা করতে পারে এমন আশংকা করছে পরিবার।

অভিযুক্ত উজ্জল সরদারের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়।