ঝিনাইদহ সীমান্তে ৩ ভারতীয় নাগরিকসহ আটক ৯

আপডেট : ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ পিএম

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টার সময় তিন ভারতীয় নাগরিকসহ নয়জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে উপজেলার শ্রীনাথপুর সীমান্তে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে দুপুর আড়াইটার দিকে আটক ব্যক্তিদের মহেশপুর থানায় হস্তান্তর করা হয়।

আটক ভারতীয় নাগরিকেরা হলেন পশ্চিমবঙ্গের নদীয়া জেলার ধানতলা থানার হোসেনপুর গ্রামের শিবানী সিং (২৭), নকশীপাড়া থানার সোনাতলা গ্রামের দেবকুমার বিশ্বাস (৩৩) ও তার মেয়ে দেবশ্রী বিশ্বাস (১৪)।

আটক বাংলাদেশি ছয়জন হলেন গোপালগঞ্জের কোটালীপাড়া থানার বিষ্ণুপুর গ্রামের শুভজিৎ দাস (২৪), টুঙ্গিপাড়া থানার ডুমুরিয়া গ্রামের দুলালী বিশ্বাস (৩৭), বরিশালের আগৈলঝাড়া থানার রাজিহার গ্রামের অঞ্জনা শীল (১৯), পিরোজপুরের নেছারাবাদ থানার গণকপাড়া গ্রামের পূর্ণিমা মৃধা (২০) এবং ঝিনাইদহের মহেশপুর থানার অনন্তপুর গ্রামের বশির মোল্লা (৩৬) ও ডাকাতিয়া উত্তরপাড়া গ্রামের তানজিল (৩৪)।

বিজিবি সূত্রে জানা যায়, মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন শ্রীনাথপুর বিওপির একটি টহল দল নিয়মিত দায়িত্ব পালনের সময় সীমান্তের মেইন পিলার ৬১-আর এলাকায় অভিযান চালায়। এ সময় সীমান্তের আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে হালদারপাড়া গ্রামের ইছামতি নদীর বাঁশের সাঁকোর পাশ থেকে তাদের আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন শ্রীনাথপুর বিওপির হাবিলদার আব্দুল আজিজ।

মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক (মিডিয়া) মুন্সি ইমদাদুর রহমান জানান, আটক নয়জনকে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরান আলম জানান, আটক ভারতীয় নাগরিকদের পরিচয় শনাক্ত করা হয়েছে। তারা বাংলাদেশে আত্মীয়স্বজনের বাড়িতে বেড়াতে এসেছিলেন। পরে একই পথে সীমান্ত অতিক্রম করে ভারতে ফেরার চেষ্টা করার সময় বিজিবির হাতে আটক হন। এ ঘটনায় ছয় বাংলাদেশি নাগরিককেও আটক করা হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত