রাজবাড়ীতে গরু বোঝাই ট্রাক উল্টে নিহত ২

রাজবাড়ীর কালুখালীতে গরু বোঝাই ট্রাক উল্টে ২জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৮ জন। শনিবার (৩১ মে) দুপুর আনুমানিক দেড়টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালী উপজেলার বাংলাদেশ হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় দুটি গরুরও মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন- কুষ্টিয়া জেলার সদর উপজেলার মধুপুর গ্রামের কফিলউদ্দিনের ছেলে রফিকুল ইসলাম (৫০) ও আফজালপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে রফিকুল ইসলাম (৩০)।

স্থানীয় ও প্রতক্ষদর্শী সূত্রে জানা যায়, কুষ্টিয়ার মধুপুর এলাকা থেকে একটি ট্রাকে করে ১৪ টি গরু নিয়ে ঢাকার হাটে বিক্রয়ের উদ্দেশ্যে রওনা দেয়। ট্রাকটিতে ১৪টি গরুর পাশাপাশি গরুর মালিক ও সহযোগী মিলে ১০ জন মানুষ ছিলেন। তারা সবাই ট্রাকের উপরে বসে যাচ্ছিলেন। ট্রাকটি বাংলাদেশ হাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই জন নিহত হন। আহত ৮ জনকে দ্রুত উদ্ধার করে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। এই ঘটনায় ট্রাকে থাকা দুটি গরু মারা গেছে। 

পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশিদ বলেন, ট্রাকটি দ্রুত গতিতে যাচ্ছিল। ব্যাটারিচালিত একটি ইজিবাইককে সাইড দিতে গিয়ে রাস্তার পাশে খাদের মধ্যে উল্টে পড়ে যায়। আমরা খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পৌঁছাই এবং উদ্ধার তৎপরতা চালাই। ঘটনাস্থলেই দুই জন মারা গেছেন। বাকীরা সামান্য আহত হয়েছেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।