‘নির্বাচন বিলম্বিত হলে দেশে আরো একটি ফ্যাসিবাদের জন্ম হতে পারে’

কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেছেন, নির্বাচিত সরকার প্রতিষ্ঠার প্রক্রিয়া বিলম্বিত হলে দেশে আরো একটি ফ্যাসিবাদের জন্ম হতে পারে। তাই দ্রুত সময়ের মধ্যে নির্বাচন প্রয়োজন।

অন্তর্বর্তীকালীন সরকার যত কথাই বলুক না কেন-নির্বাচিত সরকার ছাড়া দেশে কোন বিদেশি বিনিয়োগ আসবে না। তাই এই মুহুর্তে দরকার নির্বাচিত সরকার। তিনি বলেন, মূলত নির্বাচিত সরকার ছাড়া বর্তমানে আইনশৃঙ্খলার যে অস্থিরতা চলছে তা দমন করা সম্ভব নয়। 

শনিবার (৩১ মে) সকালে ব্রাহ্মণবাড়িয়া শহরের পৌর মুক্ত মঞ্চ প্রাঙ্গণে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানে শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জিয়া স্মৃতি পাঠাগার আয়োজিত বই প্রদর্শনী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

 তিনি আরও বলেন, ফ্যাস্টিট আওয়ামী সরকার পতনের আন্দোলনে দেশের নিবন্ধিত রাজনৈতিক দলগুলো যারা এক সাথে আন্দোলন করেছে প্রতিটি রাজনৈতিক দলই নির্বাচন চায়। বর্তমানে নির্বাচন ঘিরে কেন বিএনপিকে নিয়ে এ ধরনের আলোচনা হচ্ছে তাতে সন্দেহ রয়েছে। এসময় তিনি দলীয় নেতাকর্মীসহ সকলকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কর্মময় জীবন থেকে শিক্ষা নিতে ও দেশের প্রতি তার অবদান সম্পর্কে জানতে বই পড়ার জন্য আহ্বান জানান। পরে দলীয় নেতাকর্মীরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের রাজনৈতিক ও কর্মময় জীবনের বই কিনে নেন।

জিয়া স্মৃতি পাঠাগার কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নাদিয়া পাঠান পাপনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, জেলা বিএনপির সহ সভাপতি এবিএম মমিনুল হক মুমিন, যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজম, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান শাহীনসহ প্রমুখ।