মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারের মৃত্যুদণ্ড বাতিলের প্রতিবাদে চট্টগ্রামে গণতান্ত্রিক ছাত্র জোটের সমাবেশে নারীকে লাথি দিয়ে আলোচনায় আসা আকাশ চৌধুরীকে দল থেকে বহিষ্কার করেছে জামায়াতে ইসলামী। শুক্রবার রাতে দলের চট্টগ্রাম মহানগরী সহকারী সেক্রেটারি মোহাম্মদ উল্লাহর স্বাক্ষরিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।
বিবৃতিতে আকাশ চৌধুরীকে জামায়াত কর্মী হিসেবে উল্লেখ করে শৃঙ্খলা ভঙ্গ করায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানানো হয়েছে। তবে এ ঘটনায় দল হিসেবে জামায়াতের কোনো দায় থাকার বিষয়টি অস্বীকার করা হয়েছে।
ঘটনাটির নিন্দা জানিয়ে বিবৃতিতে বলা হয়, ওই কর্মসূচি সম্পর্কে তারা অবগত ছিলেন না। সেদিন সংঘটিত ঘটনার সঙ্গে জামায়াতে ইসলামীর কোনো সংশ্লিষ্টতা নেই। তাই এই ঘটনার কোনো দায়দায়িত্ব জামায়াতে ইসলামী বহন করবে না।
দলটির ভাষ্য, ‘সেদিনের অনভিপ্রেত ঘটনার দায় কেবলমাত্র সেখানে উপস্থিত দায়ী ব্যক্তিদের ওপরই বর্তায়। বিশেষ করে আকাশ চৌধুরী ঊর্ধ্বতনদের অনুমতির বাইরে যে কাজ করেছে, তা চরম নিন্দনীয়।’
এর আগে গত বুধবার নগরের জামালখান এলাকায় বামপন্থী ছাত্রসংগঠনগুলোর জোট গণতান্ত্রিক ছাত্র জোটের কর্মসূচিতে হামলার ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, শাহবাগবিরোধী ঐক্যের ব্যানারে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা এই হামলা চালান। ওই ঘটনায় ১২ জন আহত হন।
