শোয়েব ক্ষমা না চাইলে ১০০ কোটি রুপির মামলা

বলের গতিতে ক্রিকেটবিশ্ব কাঁপানো শোয়েব আখতার এবার ঝড় তুলেছেন কথার ধাক্কায়। তবে এবার সেই ঝড় তাকেই ফেলেছে আইনি ঝামেলায়। সাবেক এই পাকিস্তানি গতিতারকার বিরুদ্ধে ১০০ কোটি রুপি ক্ষতিপূরণ দাবিতে আইনি নোটিশ পাঠিয়েছেন দেশটির ক্রীড়া সাংবাদিক ও টেলিভিশন উপস্থাপক ড. নোমান নিয়াজ।

ঘটনার সূত্রপাত ২৫ মে প্রচারিত ‘তামাশা’ নামের একটি টিভি অনুষ্ঠানে। শোয়েব সেখানে ‘দ্য ডাগআউট’নামের একটি সেগমেন্টে নোমান নিয়াজকে নিয়ে মন্তব্য করতে গিয়ে বলেন, ‘এই যে ডক্টর নোমান নিয়াজ, সে তো আমাদের ব্যাগ টানত। আমরা তাকে ওই কাজের জন্যই রেখেছিলাম।’

নিয়াজ এ মন্তব্যকে গ্রহণ করেননি নিছক ঠাট্টা হিসেবে। বরং এটিকে আক্রমণাত্মক, অপমানজনক ও মিথ্যা বলে উল্লেখ করে শোয়েবের বিরুদ্ধে মানহানি আইনে আইনি নোটিশ পাঠান তিনি। নোটিশে দাবি করা হয়েছে, শোয়েব আখতারের মন্তব্য ড. নিয়াজের পেশাগত মর্যাদাকে ছোট করেছে এবং তা সম্পূর্ণভাবে বানোয়াট ও অমর্যাদাকর।

নোটিশে আরও বলা হয়, পাকিস্তানের ক্রিকেট ইতিহাসে ড. নিয়াজের রয়েছে দীর্ঘ সম্পৃক্ততা। উইজডেনসহ দেশি–বিদেশি মাধ্যমে তিনি লিখেছেন সাড়ে তিন হাজারের বেশি নিবন্ধ, যা তাঁর ক্রিকেটসংশ্লিষ্ট গভীর জড়িত থাকার প্রমাণ।

আইনি নোটিশে শোয়েব আখতারকে আগামী ১৪ দিনের মধ্যে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলা হয়েছে। সেই সঙ্গে একটি লিখিত ব্যাখ্যাও দিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে তিনি যদি ক্ষমা না চান, তবে তাঁর বিরুদ্ধে ১০০ কোটি রুপির মানহানি মামলা দায়েরের হুঁশিয়ারিও দিয়েছেন ড. নিয়াজ।

এদিকে এ নিয়ে এখনো পর্যন্ত কোনো মন্তব্য করেননি শোয়েব আখতার। তবে দুজনের মধ্যে দ্বন্দ্ব এটাই প্রথম নয়। এর আগেও ২০২১ সালে পিটিভি স্পোর্টসের একটি লাইভ অনুষ্ঠানে দুজনের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। সেই ঘটনার জেরে শোয়েব আখতার সেসময় পিটিভি থেকে পদত্যাগ করেন।

শোয়েবের পক্ষে এখনো কোনো আইনজীবী মুখ খোলেননি, তবে দেশের ক্রিকেটমহলে এই নতুন দ্বন্দ্ব ঘিরে তীব্র আলোচনা শুরু হয়ে গেছে। কথার ঝড়ে যিনি পরিচিত, সেই পিন্ডি এক্সপ্রেস এবার নিজেই পড়ে গেছেন এক আইনি ঝঞ্ঝায়।