ডিসেম্বরে নির্বাচন না হলে জনগণ অপেক্ষা করবে না: দুলু

জাতীয় সংসদ নির্বাচনের সময়সূচি অবিলম্বে ঘোষণার দাবি জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী আসাদুল হাবীব দুলু। তিনি বলেন, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে, না হলে জনগণ আর অপেক্ষা করবে না।

শনিবার (৩১ মে) লালমনিরহাটের আদিতমারী উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন।

আসাদুল হাবীব দুলু বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার নির্বাচনের প্রস্তুতি না নিয়ে নানা সময় কালক্ষেপণ করছে। এটি জনগণ মানবে না। আমরা আওয়ামী লীগের ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটিয়েছি। এখন সময় নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে আনার।

দুলু অভিযোগ করেন, সরকারি পৃষ্ঠপোষকতায় কিছু নেতা মাঠে না থেকেও বড় বড় কথা বলছে। তারা কখনো জনগণের সঙ্গে ছিলেন না। আওয়ামী লীগ বারবার জনগণের সঙ্গে প্রতারণা করেছে। এবার আর সেটা হতে দেওয়া যাবে না।

সম্মেলনে জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন। তবে উদ্বুদ্ধ পরিস্থিতির কারণে সম্মেলনে নতুন কমিটির নাম ঘোষণা করা হয়নি বলে জানান আয়োজকরা।

দ্বি-বার্ষিক এই সম্মেলনে উপজেলার ৮টি ইউনিয়নের ৭২টি ওয়ার্ড থেকে মোট ৫৬৮ জন প্রতিনিধি অংশ নেন। সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। পরে পৃথকভাবে কমিটির নাম ঘোষণা করা হবে বলে প্রধান অতিথি ঘোষণা দেন।