৬ জুন চিলির বিপক্ষে ও ১১ জুন কলম্বিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলবে আর্জেন্টিনা। দুই ম্যাচকে সামনে রেখে মে মাসের মাঝামাঝি সময়ে প্রাথমিক দল ঘোষণা করেছিলেন কোচ লিওনেল স্কালোনি। সেই দল থেকে উল্লেখযোগ্য কিছু পরিবর্তন এনে ২৮ সদস্যের চূড়ান্ত দল দিয়েছেন স্কালোনি। চূড়ান্ত দলে অভিষেকের অপেক্ষায় থাকা তিনজন খেলোয়াড়কে ডেকেছেন তিনি।
বাদ পড়েছেন পরিচিত কিছু মুখ। তারা হলেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, আলেহান্দ্রো গারনাচো, নিকোলাস দমিনগেজ ও ভ্যালেন্তিস কাস্তেয়ানোস। ম্যাক আলিস্টার ও দমিনগেজ চোটের কারণে বাদ পড়লেও বাকি দুজন ট্যাকটিক্যাল কারণে বাদ পড়েছেন বলে খবর সংবাদমাধ্যমে। স্কালোনির এই দলে বড় চমক বেলগারনোর ২১ বছর বয়সী ডিফেন্ডার মারিয়ানো ত্রইলো, রিভার প্লেটের ১৭ বছর বয়সী ফরোয়ার্ড ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো এবং ইন্ডিপেনদিয়েন্তের ২৩ বছর বয়সী সেন্টারব্যাক কেভিন লোমোনাকোর জায়গা পাওয়া।
মেসি প্রাথমিক দলে ছিলেন, যেহেতু ইনজুরি নেই তাই চূড়ান্ত দলেও তার থাকাটা অনুমিতই ছিল। শুধু দলে নয়, আর্জেন্টিনার দল ঘোষণার ধরনেও ছিল চমক। গেল ৭ মার্চ ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত বাহিয়া ব্লাঙ্কা শহরের প্রতি সংহতি জানিয়ে বানানো একটি বিশেষ ভিডিওতে বিভিন্ন শ্রেণি, পেশা ও বয়সের মানুষদের দলে থাকা নামগুলো ঘোষণা করতে দেখা যায়।
দক্ষিণ আমেরিকা থেকে সবার আগে বিশ্বকাপে জায়গা করে নেওয়া আর্জেন্টিনা বাছাইয়ের পয়েন্ট তালিকায় সবার ওপরে আছে। ১৪ ম্যাচ শেষে ১০ জয় ১ ড্র ও ৩ হারে আর্জেন্টিনার পয়েন্ট ৩১।
২৮ সদস্যের আর্জেন্টিনা দল
গোলকিপার : এমিলিয়ানো মার্তিনেজ, হেরেনিমো রুলি, ওয়াল্টার বেনিতেজ।
ডিফেন্ডার : মারিয়ানো ত্রইলো, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, নাহুয়েল মলিনা, জুয়ান ফয়েথ, লিওনার্দো বালের্দি, ফাকুন্দো মেদিনা, নিকোলাস তাগলিয়াফিকো, কেভিন লোমোনাকো, ভ্যালেন্টিন বারকো।
মিডফিল্ডার : লিয়ান্দ্রো পারেদেস, এনজো বারেনেচিয়া, নিকো পাজ, এজেকিয়েল পালাসিওস, রদ্রিগো ডি পল, থিয়াগো আলমাদা, জিওভান্নি লো সেলসো, এনজো ফার্নান্দেজ।
ফরোয়ার্ড : লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ, লাউতারো মার্তিনেজ, নিকোলাস গঞ্জালেস, গিলিয়ানো সিমিওনে, আনহেল কোরেয়া, ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো।