চ্যাম্পিয়নস লিগ ফাইনালের জন্য বদলে গেছে বায়ার্ন মিউনিখের স্টেডিয়ামের নাম

ফুটবল বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ আসর—উয়েফা চ্যাম্পিয়নস লিগ। আর সেই প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব মানেই এক উত্তেজনার উৎসব। বাংলাদেশ সময় শনিবার দিবাগত রাত ১টায় বসছে এবারের ৭০তম ফাইনাল পর্বের মহারণ। ইউরোপ সেরার লড়াইয়ে মুখোমুখি হচ্ছে ইতালিয়ান জায়ান্ট ইন্টার মিলান ও ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)।

এবারের ফাইনালের ভেন্যু জার্মানির মিউনিখে অবস্থিত বায়ার্ন মিউনিখের ঘরের মাঠ—অ্যালিয়াঞ্জ অ্যারেনা। কিন্তু এই ঐতিহাসিক ম্যাচে স্টেডিয়ামের পরিচিত নাম আর থাকছে না। বদলে যাচ্ছে পরিচয়। ম্যাচটির জন্য অ্যালিয়াঞ্জ অ্যারেনাকে ডাকা হবে ‘মিউনিখ ফুটবল অ্যারেনা’ নামে।

কেন এই পরিবর্তন?

উত্তর লুকিয়ে উয়েফার ‘ক্লিন স্টেডিয়াম’ নীতিমালায়। উয়েফার এই নিয়ম অনুসারে, তাদের প্রতিযোগিতাগুলোর সময় স্টেডিয়ামের ভেতরে কোনো স্পনসরের নাম, লোগো, ট্রেডমার্ক কিংবা স্লোগান দৃশ্যমান রাখা যাবে না। সেই ধারাবাহিকতায়ই অ্যালিয়াঞ্জ নামটি মুছে ফেলা হয়েছে স্টেডিয়াম থেকে।

‘অ্যালিয়াঞ্জ’ নামটি এসেছে একটি মিউনিখভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান থেকে, যারা বায়ার্ন মিউনিখের প্রধান স্পনসরও বটে। তাই তাদের নাম স্টেডিয়ামের সঙ্গে যুক্ত। তবে ফাইনালের দিন স্পনসরশিপ সংক্রান্ত কোনো চিহ্ন প্রকাশ না করতেই নেওয়া হয়েছে এই পদক্ষেপ।

উল্লেখ্য, শুধু স্টেডিয়াম নয়, ক্লাবের নামেও এই নীতিমালা কার্যকর। যেমন, উয়েফার টুর্নামেন্টে ‘রেড বুল সালজবুর্গ’ পরিচিত হয় ‘এফসি সালজবুর্গ’ নামে, ‘ইত্তিহাদ স্টেডিয়াম’ হয়ে যায় ‘সিটি অব ম্যানচেস্টার স্টেডিয়াম’ এবং আর্সেনালের ‘এমিরেটস স্টেডিয়াম’ হয় ‘আর্সেনাল স্টেডিয়াম’।

উল্লেখযোগ্যভাবে, ২০১২ সালের চ্যাম্পিয়নস লিগ ফাইনাল ও সাম্প্রতিক ইউরো ২০২৪ প্রতিযোগিতার সময়ও একই কারণে এই স্টেডিয়ামের নাম বদলে হয়ে গিয়েছিল ‘মিউনিখ ফুটবল অ্যারেনা’।

অ্যালিয়াঞ্জ অ্যারেনার ইতিহাসও বলছে, এখানে আয়োজিত প্রতিটি চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে উঠে এসেছে নতুন এক চ্যাম্পিয়নের নাম। এবার তাই শিরোপাহীন পিএসজিও দেখছে ইতিহাস গড়ার স্বপ্ন।

দেখার বিষয়, ‘নতুন নামে’ খেলতে নামা এই মাঠে কে ছিনিয়ে নিতে পারে ইউরোপ শ্রেষ্ঠত্বের মুকুট!