ইতিহাস গড়ার লড়াইয়ে অর্ধেক পথে প্যারিস সেন্ট-জার্মেইন (পিএসজি)। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের এবারের মৌসুমের ফাইনালে ইন্তার মিলানের বিপক্ষে প্রথমার্ধ শেষে ২-০ গোলে এগিয়ে রয়েছে ফরাসি জায়ান্টরা।
শিরোপার খরা ঘোচানোর তাড়না যেন স্পষ্ট ফুটে উঠেছে পিএসজির খেলায়। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে মাঠে নামে লুইস এনরিকে’র শিষ্যরা। বল দখল থেকে শুরু করে প্রতিপক্ষের ডিফেন্স চেরা পাস—সব জায়গাতেই আধিপত্য ছিল তাদের।
মাত্র ১২ মিনিটেই আসে কাঙ্ক্ষিত গোল। ডান দিক থেকে দুর্দান্ত এক আক্রমণ তৈরি করেন ওসমান ডেম্বেলে ও উগার্তে। বক্সে ঢুকে পাওয়া সুযোগটি নিখুঁতভাবে কাজে লাগান মরক্কোর ডিফেন্ডার হাকিমি। তার নিখুঁত ট্যাপ-ইনে বল জালে জড়ালে পিএসজি শিবিরে বইতে থাকে স্বপ্নের হাওয়া।
দ্বিতীয় গোলটি আসে ২০তম মিনিটে। তরুণ মিডফিল্ডার দেজিরে দোয়ে বক্সের বাইরে থেকে নেওয়া শটটি ইন্টার ডিফেন্ডার দিমারকোর গায়ে লেগে দিক পরিবর্তন করে জালে প্রবেশ করে। আত্মঘাতী গোল না হলেও বলের গতিপথ পাল্টানোয় গোলটি অনেকটাই দিমারকোর ভুলে—তবে ক্রেডিট যায় পিএসজির তীব্র চাপ সৃষ্টি করা আক্রমণভঙ্গিরই।
প্রথমার্ধে বল দখলে এগিয়ে থাকলেও ইন্টার মিলান খুব একটা সুবিধা করতে পারেনি। মার্তিনেজ ও থুরামকে নিস্তেজ করে রাখে পিএসজির রক্ষণভাগ। মাঝমাঠের লড়াইয়েও স্পষ্ট ব্যবধানে এগিয়ে এনরিকে’র দল।
মিউনিখের আকাশে এখনও শিরোপা উঁচিয়ে ধরার আনন্দ গর্জে ওঠেনি, তবে প্রথমার্ধ শেষে যে পিএসজি সেই দিকেই এগোচ্ছে দৃপ্ত পদক্ষেপে—তা নিঃসন্দেহে বলা যায়। দ্বিতীয়ার্ধে ইন্টার ফিরতে পারবে কি না, সেটিই এখন কোটি টাকার প্রশ্ন।