এমএলএসে ইন্টার মায়ামির সর্বোচ্চ গোলদাতা হয়ে গেলেন মেসি

টানা জয়হীন থাকার পর অবশেষে জয়ের ধারায় ফিরেছে ইন্টার মায়ামি। আগের ম্যাচে জোড়া গোল করেছিলেন লিওনেল মেসি, আজও সেটার ধারাবাহিকতা ধরে রাখলেন। মেজর লিগ সকারে (এমএলএস) কলম্বাসকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে ইন্টার মায়ামি। এই ম্যাচে জোড়া গোল করে মেসি হয়ে গেছেন ইন্টার মায়ামির সর্বোচ্চ গোলদাতা।

বাংলাদেশ সময় রবিবার ভোরে চেজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ১৩ মিনিটে প্রায় মাঝমাঠ থেকে মেসির দুর্দান্ত এক লং পাস প্রথম গোলটি করেন তাদেও আলেন্দে। ২ মিনিট পর কলম্বাস গোলরক্ষকের বল ক্লিয়ার করতে গিয়ে ভুলবশত মেসির পায়ে বল তুলে দেন। তারপর যা হওয়ার তাই হয়। ২৪ মিনিটে মাঝমাঠ থেকে বুসকেতসের বাড়ানো বল নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করে কলম্বাসকে ম্যাচ থেকে একরকম ছিটকে দেন মেসি।

৩-০ গোলে পিছিয়ে পড়ার পর কলম্বাসের আর কিছুই করার ছিল না। বিরতির পর ৫৮ মিনিটে সিজার রুভালকাবার সৌজন্যে একটি গোল করে শোধ করে কলম্বাস। ৬৪ মিনিটে লুইস সুয়ারেজ স্কোরলাইন ৪-১ করে ফেলেন। শেষদিকে মেসির থেকে বল পেয়ে মায়ামির হয়ে পঞ্চম গোলটি করেন ফাফা পিকাল্ট। এই জয়ে এমএলএসের পয়েন্ট তালিকার তিনে উঠে এসেছে মায়ামি।

আর্জেন্টাইন কিংবদন্তির ব্যক্তিগত অর্জনও সমৃদ্ধ হয়েছে। এমএলএসে এখন ইন্টার মায়ামির সর্বোচ্চ গোলদাতা মেসি। সাবেক আর্জেন্টাইন সতীর্থ গঞ্জালো হিগুয়েইনের ২৯ গোল টপকে মেসির গোল এখন ৩১টি।