‘আনচেলত্তিই পারবেন, ব্রাজিলিয়ান কোচদের দিনকাল ভালো নয়’

প্রায় দুই যুগ ধরে বিশ্বকাপ জিততে পারে না সর্বাধিক পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। শুধু তাই নয়, তাদের পারফর্মেন্সের গ্রাফ নামতে নামতে এখন তলানিতে পৌঁছে গেছে। ব্রাজিলের পারফর্মেন্স দেখে বিশ্বাস করা মুশকিল- এই দলটি একসময় রাজত্ব করত। তবে সম্প্রতি কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই কার্লো আনলচেত্তিকে ঘিরে ব্রাজিলিয়ানরা স্বপ্ন দেখছেন। কিংবদন্তি জিকো মনে করছেন, আনচেলত্তিই পারবেন হৃদ গৌরব পুনরুদ্ধার করতে।

কাতার বিশ্বকাপের পর থেকেই আনচেলত্তিকে পাওয়ার চেষ্টা করে যাচ্ছিল ব্রাজিল। অবশেষে গত মাসে রিয়াল মাদ্রিদ ছেড়ে ব্রাজিলে যোগ দেন তিনি। ইতালিয়ান এই কোচকে নিয়ে জিকো বলেছেন, ‘আনচেলত্তি ব্রাজিলিয়ান খেলোয়াড়দের সঙ্গে খেলেছে। সে বিভিন্ন দলে ব্রাজিলিয়ানদের নিয়ে কোচ হিসেবে চ্যাম্পিয়ন হয়েছে এবং সবসময় ব্রাজিলিয়ান ফুটবলারদের প্রশংসা করেছে। পাশাপাশি তাদের এমনভাবে খেলিয়েছে, যাতে তারা দলকে সাহায্য করতে পারে।’

৭২ বছর বয়সী সর্বকালের অন্যতম সেরা এই অ্যাটাকিং মিডফিল্ডার আরও বলেছেন, ‘আনচেলত্তির ফুটবল সম্পর্কে বোঝার গভীরতা আছে। সে ফুটবলকে ভালোবাসে। ফুটবলের প্রতি তার দৃষ্টিভঙ্গি ব্রাজিলিয়ান মানসিকতার সঙ্গে অনেকটাই মিলে যায়। এ কারণেই আমি বিশ্বাস করি, সে সফল হতে পারবে। সে তার জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতার মাধ্যমে ব্রাজিলিয়ান খেলোয়াড়দের বিকশিত করতে পারবে।’

আনচেলত্তিকে নেওয়ার পর অবশ্য বিদেশি কোচ বিতর্ক তৈরি হয়েছে। সেটাকে আমলে না নিয়ে ‘সাদা পেলে’ খ্যাত জিকো বলেন, ‘ব্রাজিলিয়ান কোচদের জন্য সময়টা ভালো যাচ্ছে না। শুধু ব্রাজিলে না, গোটা বিশ্বে। এই পরিস্থিতিতে আপনি যখন ব্রাজিল দলের কথা বলবেন, তখন এমন কাউকে আনা উচিত যিনি সেরা। আমার মতে ব্রাজিল সেরা কোচকেই দলে এনেছে। আমার কাছে সেই সেরা। তাই এটা অভিযোগের কোনো কারণ দেখি না।’