গাজায় ত্রাণকেন্দ্রে খাবারের অপেক্ষায় থাকা ৩২ জনকে গুলি করে হত্যা

ফিলিস্তিনের গাজায় যুক্তরাষ্ট্রভিত্তিক একটি বেসরকারি সংস্থার ত্রাণকেন্দ্রে খাবারের অপেক্ষায় থাকা ৩২ জনকে গুলি চালিয়ে হত্যা করেছে ইসরায়েল। হামলায় আরও কয়েক ডজন গুরুতর আহত হয়েছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, রবিবার গাজার দক্ষিণাঞ্চলের ত্রাণ বিতরণ কেন্দ্রে এ হামলায় দুই শতাধিক হতাহত হাসপাতালে পৌঁছেছে, যাদের মধ্যে কয়েক ডজন গুরুতর আহত হয়েছেন। নিহতদের সবার মাথায় বা বুকে গুলি লেগেছে বলেও জানিয়েছে তারা।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এসব মৃত্যুর জন্য ইসরায়েলি সেনাবাহিনীকে দায়ী করেছে। কিছু প্রত্যক্ষদর্শী দাবি করেছেন যে বিতরণ কেন্দ্রের সুরক্ষা কর্মীরাও গুলি চালিয়েছিল।

জানা গেছে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সমর্থিত বিতর্কিত গোষ্ঠী গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) এই সহায়তা বিতরণ করছে।

এই ফাউন্ডেশনের বিরুদ্ধে নিরপেক্ষতার অভাবের অভিযোগ থাকায় ইতিমধ্যে জাতিসংঘ ও অন্যান্য ত্রাণ সংস্থা জিএইচএফকে সহযোগিতা করতে অস্বীকৃতি জানিয়েছে। তাদের মতে, এই গোষ্ঠীটি ইসরায়েলকে পুরো গাজা দখল করার সামরিক লক্ষ্য অর্জনে গঠিত হয়েছে।

গাজার সরকারি গণমাধ্যম অফিস জানিয়েছে, রবিবার সকালে দক্ষিণ গাজার রাফায় একটি ত্রাণ বিতরণ কেন্দ্রে জড়ো হওয়া হাজার হাজার বেসামরিক নাগরিকের ওপর ইসরায়েলি ট্যাংক থেকে গুলি চালানো হয়।

এর পরপরই গাজা সিটির নেটজারিম করিডরের দক্ষিণে একই ধরনের বিতরণ পয়েন্টে গোলাগুলিতে আরও একজন নিহত হন বলে টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে।

তবে হামলা দাবি অস্বীকার করছে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। বার্তা সংস্থা সিএনএনকে তার জানিয়েছে, মানবিক সহায়তা বিতরণ কেন্দ্রে কোনো হামলার বিষয়ে অবগত নয় আইডিএফ। বিষয়টি এখনও পর্যালোচনাধীন রয়েছে। ‘আমাদের বাহিনীর হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি’ বলে দাবি করে আইডিএফ।

একই দাবি করেছে ত্রাণকেন্দ্রটির পরিচালনায় থাকায় বিতর্কিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ)। সিএনএনকে তারা বলেছে, ‘(বিতরণ) কেন্দ্রে এবং আশপাশের এলাকায় কোনো গোলাগুলির ঘটনা ঘটেনি।’

জিএইচএফ বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে জানিয়েছে, ফিলিস্তিনিরা খাবার নিতে জড়ো হলে ইসরায়েলি সেনারা ‘সতর্কতামূলক গুলি’ ছোড়ে। কয়েক ডজন মানুষ নিহত হওয়ার খবর অস্বীকার করে গোষ্ঠীটি এসব খবরকে ‘মিথ্যা প্রতিবেদন’ বলে দাবি করেছে।

এদিকে প্যালেস্টাইন রেড ক্রিসেন্ট সোসাইটির (পিআরসিএস) এক স্বাস্থ্যকর্মী জানান, ইসরায়েলি বাহিনী যখন গুলি চালায়, তখন রাফাহ এলাকার নাগরিকরা জড়ো হয়ে খাদ্য সহায়তা নিচ্ছিল।

রাফায় ত্রাণপ্রার্থীদের ওপর হামলার প্রত্যক্ষদর্শী ইব্রাহিম আবু সৌদ বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেন, লোকজন কেন্দ্রের দিকে যাওয়ার সময় ইসরায়েলি বাহিনী তাদের ওপর গুলি চালায়।

৪০ বছর বয়সী আবু সৌদ বলেন, সেনাবাহিনী থেকে তারা প্রায় ৩০০ মিটার (৩২৮ গজ) দূরে ছিল। সৌদ বলেন, তিনি অনেককে গুলিবিদ্ধ অবস্থায় দেখেছেন।

গাজার সরকারি গণমাধ্যম কার্যালয় এই হামলার নিন্দা জানিয়ে জিএইচএফের বিতরণ কেন্দ্রগুলোকে ‘মানবিক ত্রাণ সহায়তা বিতরণ কেন্দ্র নয়, বরং এগুলো মৃত্যুফাঁদ’ হিসেবে আখ্যা দিয়েছে।