চট্টগ্রামের চন্দনাইশে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে পুড়ে ছাই হয়েছে চার কক্ষ বিশিষ্ট টিনের এক বসতঘর। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় প্রায় ১ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। ধারণা করা হচ্ছে, বাড়িতে থাকা দামি আসবাবপত্র, স্বর্ণালঙ্কারসহ নগদ অর্থ আগুনে পুড়ে গেছে।
রবিবার (১ জুন) বিকেল ৫টার দিকে উপজেলার চন্দনাইশ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মধ্যম জোয়ারা এলাকার বিজয় বড়ুয়ার বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
চন্দনাইশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ইন্সপেক্টর কামরুল হাছান বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এবং স্থানীয়দের সহায়তায় প্রায় ১ ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এতে বাড়িটির ৪টি কক্ষ পুড়ে ছাই হয়ে গেছে।
খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শনে যান চন্দনাইশ পৌরসভা এলডিপির সভাপতি এম. আইনুল কবির। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে নগদ অর্থ তোলে দেন। সঙ্গে উপস্থিত ছিলেন চন্দনাইশ পৌরসভা এলডিপির সাধারণ সম্পাদক মো. আকতার উদ্দিনসহ নেতৃবৃন্দ।