চট্টগ্রামের আনোয়ারায় শতবর্ষী একটি পুকুর ভরাটের দায়ে আবদুল মোনাফ (৫৫) নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ রবিবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরার নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বৈরাগ ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের শতবর্ষী এই পুকুরটি খাস খতিয়ানভুক্ত। দীর্ঘদিন ধরে এই পুকুরে স্থানীয় রিজুয়ান মোস্তফা জামে মসজিদের মুসল্লিরা গোসল ও অজু করে আসছেন। তবে শতবর্ষী পুকুরটির ওপর বহুতল ভবন তুলতে স্থানীয় প্রভাবশালী এয়ার মোহাম্মদ ও মো. ওসমানের কেয়ারটেকার আবদুল মোনাফ ট্রাকে করে বালু ফেলে পুকুরটি ভরাট করছেন। এ নিয়ে চট্টগ্রামের জেলা প্রশাসক ও পরিবেশ অধিদপ্তরে অভিযোগ করেছেন স্থানীয়রা।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা বলেন, পরিবেশ আইন অমান্য করে পুকুর ভরাটের সত্যতা পাওয়ায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী আবদুল মোনাফ নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ভবিষ্যতে এ ধরনের কাজ থেকে বিরত থাকতে সতর্ক করা হয়েছে। পুকুরটিতে সরকারি খাস জমির পাশাপাশি কিছু ব্যক্তি মালিকানাধীন জায়গা রয়েছে। বিষয়টি সার্ভে করার পর বিস্তারিত জানা যাবে।
তিনি আরও বলেন, পরিবেশ আইন লঙ্ঘন করে যেকোনও কাজের বিরুদ্ধে জেলা প্রশাসকের কঠোর নির্দেশনা রয়েছে। বিশেষ করে জলাধার ভরাট, পাহাড় কাটা ও কৃষি জমির টপ-সয়েল কর্তন করলে উপজেলা প্রশাসন এই নির্দেশনা বাস্তবায়নে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।