স্বৈরাচারী শেখ হাসিনা রাগের বশে বিএনপি নেত্রী খালেদা জিয়া ও তারেক রহমানকে মামলা ও নিপীড়নের মাধ্যমে শেষ করে দিতে চেয়েছিলেন বলে অভিযোগ করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান। তবে এখন পরিস্থিতি পাল্টে গেছে—স্বৈরাচারী শেখ হাসিনা নিজেই দেশ থেকে বিতাড়িত হয়েছেন, জীবন রক্ষায় পালিয়ে গেছেন, এমন মন্তব্য করেছেন তিনি।
গতকাল রবিবার বনানী থানা যুবদলের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে মোস্তফা জামান এসব কথা বলেন।
তিনি বলেন, “এ দেশের উন্নয়নের গতি থামাতেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছিল। অল্প সময়ে বাংলাদেশকে উন্নত রাষ্ট্রের পথে নিয়ে যেতে তাঁর ভূমিকা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। শহীদ জিয়াউর রহমান জাতির সেই নায়ক, যাকে শহীদের মর্যাদা দেওয়া হয়েছে। অন্য কোনো রাষ্ট্রনায়ক এমন সম্মান পাননি। আমি বিশ্বাস করি, আল্লাহ তাঁকে প্রকৃত শহীদের মর্যাদা দেবেন।”
বিএনপির এই নেতা আরও বলেন, “ম্যাডাম বেগম খালেদা জিয়া সব মামলায় খালাস পেয়েছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তারুণ্যের প্রতীক তারেক রহমানও মামলা থেকে খালাস পেয়েছেন। এতে প্রমাণ হয়, শেখ হাসিনার সরকার রাগের বশে মিথ্যা মামলা দিয়ে জুলুম চালিয়েছিল। কিন্তু আল্লাহর বিচার হয়েছে। শেখ হাসিনা আজ দেশ থেকে বিতাড়িত, শুধু তিনিই নন—তাঁর পরিবার, দলের নেতাকর্মীরাও দেশ ছেড়েছে। তাদের আর ফেরার সুযোগ নেই।”
তিনি বলেন, “খুব শিগগিরই তারেক রহমান দেশে ফিরে এসে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবেন। বিএনপি ক্ষমতায় এলে শেখ হাসিনা যেখানেই থাকুন না কেন, তাঁকে আইনের মুখোমুখি করা হবে।”
আলোচনা সভা ও দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, এস এম জাহাঙ্গীরসহ দলীয় নেতাকর্মী, বনানী থানা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতারা।