‘রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে অপসারণ করতে হবে’

বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, বর্তমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন যদি অবৈধ পার্লামেন্ট কর্তৃক নির্বাচিত হয়ে থাকেন, তাহলে তিনিও অবৈধ রাষ্ট্রপতি হিসেবে গণ্য হবেন। তাকে অবৈধ রাষ্ট্রপতি হিসেবে গণ্য করে অপসারণ করতে হবে।

বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে সোমবার বিকেলে মুন্সীগঞ্জ জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। 

ড. আসাদুজ্জামান রিপন বলেন, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনকে অসাংবিধানিক আখ্যায়িত করতে হবে। এসব নির্বাচন বাতিল করতে হবে। ২০১৮ সালের নির্বাচন রাতের বেলায় হয়েছে। যে নির্বাচন অবৈধ, সেই নির্বাচনের মধ্য দিয়ে দেশের যে প্রধানমন্ত্রী ছিল, স্পিকার ছিল, এমপি, মন্ত্রী ছিল এমনকি অবৈধ পার্লামেন্ট যে রাষ্ট্রপতি নির্বাচিত করেছে সেই সব ছিল অবৈধ। সুতরাং তাদের অবৈধ ঘোষণা করতে হবে।

জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহবায়ক অ্যাডভোকেট জাকারিয়া মোল্লার সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে বক্তৃতা করেন সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট পারভেজ আলম, মুন্সীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র অ্যাডভোকেট মুজিবুর রহমান, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট মো. সুমন মিয়া সরদার, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান ফকির, শহর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহবুব-উল-আলম স্বপন, জেলা যুবদলের সদস্য সচিব মু. মাসুদ রানা প্রমুখ।