বিরাট কোহলির জন্যই শিরোপা জিততে চায় বেঙ্গালুরু

যার এত বর্ণাঢ্য আন্তর্জতিক ক্যারিয়ার, সেই বিরাট কোহলি এখন পর্যন্ত একটা আইপিএল শিরোপা জিততে পারেননি! ১৮ বছর ধরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে খেললেও কখনই আইপিএল শিরোপা উঁচিয়ে ধরার সৌভাগ্য হয়নি। আরও একবার তার দল ফাইনালে উঠেছে। আজ মঙ্গলবার বেঙ্গালুরুর প্রতিপক্ষ পাঞ্জাব কিংস। তার আগে বেঙ্গালুরু অধিনায়ক রজত পাতিদার বললেন, কোহলির জন্যই তারা শিরোপা জিততে চান।

এখন পর্যন্ত তিনবার আইপিএল ফাইনাল খেলা বেঙ্গালুরু প্রতিবারই ব্যর্থ হয়েছে। ২০০৯ সালে তখনকার দল ডেকান চার্জার্স, ২০১১ সালে চেন্নাই সুপার কিংস এবং ২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদের কাছে হেরে তাদের স্বপ্নভঙ্গ হয়েছে। রজত পাতিদার বলেছেন, ‘কোহলির জন্যই আমরা শিরোপা জিততে চাই। এত বছর ধরে বেঙ্গালুরুকে সে অনেককিছু দিয়েছে। আমরা শিরোপা জয়ের জন্য নিজেদের সেরাটা উজার করে দেব।’

ফাইনালের ভেন্যু আহমেদাবাদ হলেও বিরাট কোহলির জন্য বিপুল সমর্থন পাবে বেঙ্গালুরু। সারা ভারত থেকে ইতোমধ্যেই অনেক দর্শক আহমেদাবাদে গেছেন কোহলির খেলা দেখতে। বেঙ্গালুরু অধিনায়ক আরও বলেন, ‘যেখানেই খেলতে যাই না কেন, সেটাই আমাদের ঘরের মাঠ হয়ে যায়। যেভাবে সমর্থকেরা আমাদের পাশে থাকেন, তার প্রশংসা না করে উপায় নেই। মঙ্গলবার “ফাইনাল খেলব” ভেবে মাঠে নামব না। নিজেদের সেরা ক্রিকেটটাই খেলব।’

বেঙ্গালুরুর বিস্ফোরক ব্যাটসম্যান টিম ডেভিডের ফাইনাল খেলা নিয়ে সংশয় আছে। ইনজুরির কারণে শেষ দুই ম্যাচে তার খেলা হয়নি। ফাইনালের আগে টিম ডেভিডকে নিয়ে পাতিদারও নিশ্চিত করে কিছু বলতে পারেননি, ‘এখনও পর্যন্ত ডেভিডকে নিয়ে কিছু বলতে পারছি না। চিকিৎসকেরা যথাসাধ্য চেষ্টা করছেন। আশা করি আজই (গতকাল সোমবার) মধ্যেই জানতে পারব সে খেলতে পারবে কি না।’