বন্যার্তদের দুয়ারে ত্রাণ নিয়ে হাজির ইউএনও তাজ উদ্দিন

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে প্লাবিত মৌলভীবাজার সদর উপজেলার নিম্নাঞ্চল। পানিবন্দি হয়ে পড়েছে বহু পরিবার। রান্নার চুলা নিভে গেছে, অনেকের ঘরে শুকনো খাবারটুকুও নেই। ঠিক এমন সময় তাদের পাশে দাঁড়ালেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাজ উদ্দিন।

সোমবার (২ জুন) সকাল থেকে রাত পর্যন্ত তিনি আশ্রয়কেন্দ্র ও বন্যাকবলিত এলাকায় গিয়ে অন্তত ১২০টি পরিবারের ঘরে ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দেন।

ক্ষতিগ্রস্ত একটি পরিবারের গৃহবধূ বলেন, আমরা ভাবছিলাম, আজও হয়তো না খেয়েই থাকতে হবে। হঠাৎ ইউএনও স্যার নিজে এসে খাবার দিয়ে গেলেন। আমরা তার কাছে কৃতজ্ঞ।

ইউএনও মো. তাজ উদ্দিন দেশ রূপান্তরকে বলেন, মানুষের দুঃসময়ে পাশে থাকাই আমাদের দায়িত্ব। শুধু ত্রাণ বিতরণ নয়, আমরা নিশ্চিত করছি যেনো কেউ অনাহারে না থাকে।

জেলা প্রশাসনের পক্ষ থেকেও চলছে উদ্ধার ও ত্রাণ সহায়তা কার্যক্রম। মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন দেশ রূপান্তরকে বলেন, আমরা সব উপজেলায় বন্যাদুর্গতদের জন্য প্রয়োজনীয় ত্রাণ ও সহায়তা পৌঁছে দিচ্ছি। আশ্রয়কেন্দ্রগুলো প্রস্তুত রয়েছে। পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছে।