বাংলাদেশকে কাঁদিয়ে মাসসেরার মনোনয়ন ওয়াসিমের

আইসিসি মে মাসের সেরা ক্রিকেটারের জন্য মনোনীত হয়েছেন স্কটল্যান্ডের ব্র্যান্ডন ম্যাকমুলেন, যুক্তরাষ্ট্রের মিলিন্দ কুমার এবং আরব আমিরাতের মোহাম্মদ ওয়াসিম। তিনজনই গত মাসে দারুণ নৈপুণ্য দেখিয়ে নিজেদের দলের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

আরব আমিরাতের অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম নেতৃত্ব দিয়েছেন একদম সামনে থেকে। বাংলাদেশের বিপক্ষে ঐতিহাসিক টি-টোয়েন্টি সিরিজ জয়ের নায়ক ছিলেন তিনিই। তিন ম্যাচে তার করা ১৪৫ রানের মধ্যে ছিল দুটি ফিফটি। এর মধ্যে দ্বিতীয় ম্যাচে ৪২ বলে ৮২ রানের ইনিংস খেলে দলকে স্মরণীয় জয় এনে দেন দুই উইকেটে। সিরিজ সেরাও নির্বাচিত হন ওয়াসিম। ওয়ানডে ফরম্যাটেও মে মাসে তিনি পাঁচ ম্যাচে করেন ১৬৯ রান।

স্কটল্যান্ডের অলরাউন্ডার ব্র্যান্ডন ম্যাকমুলেন আইসিসি মেনস ক্রিকেট ওয়ার্ল্ড কাপ লিগ ২–এ মে মাসে পাঁচটি ওয়ানডেতে ব্যাট হাতে ১০৭.৮৭ স্ট্রাইক রেটে ২৩৩ রান করেন। যার গড় ছিল ৫৮.২৫। পাশাপাশি বল হাতে ৫.০৮ ইকোনমি রেটে শিকার ধরেন ১০টি। চতুর্থ ওয়ানডে সেঞ্চুরি তুলে নিয়ে স্কটল্যান্ডকে পৌঁছে দেন ৩৮০ রানে, যা তাদের ওয়ানডে ইতিহাসের সর্বোচ্চ দলীয় সংগ্রহ। পরে বল হাতে ৫৫ রান খরচায় চার উইকেট নিয়ে ১৪৫ রানের বড় জয় এনে দেন দলকে।

যুক্তরাষ্ট্রের মিলিন্দ কুমারও মে মাসটা কাটিয়েছেন দুর্দান্ত। চার ওয়ানডেতে ৬৭ গড়ে ২০১ রান, বল হাতে শিকার ৯ উইকেট। ওমানের বিপক্ষে পাঁচ উইকেট নেয়ার পাশাপাশি করেন ৬৮ রান। যুক্তরাষ্ট্রের প্রথম ক্রিকেটার হিসেবে কোনো ওয়ানডে ম্যাচে ফিফটি ও পাঁচ উইকেট নেয়ার কৃতিত্ব দেখান তিনি।