কুষ্টিয়ায় বিআরবি গ্রুপে আবারও শ্রমিক অসন্তোষ

কুষ্টিয়া কুমারগাড়া বিসিক শিল্প নগরীতে বিআরবি গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান এমআরএস ও কিয়াম মেটালের কারখানা  শ্রমিকদের বেতন ভাতাদিসহ আনুসঙ্গিক সুযোগ সুবিধা প্রাপ্তিতে বিদ্যমান বৈষম্য দূরীকরণে ১০ দফা দাবিতে গত কয়েকদিন ধরে চলমান শ্রমিক অসন্তোষ চরম সংঘাতময় পরিস্থিতিতে রূপ নিয়েছে। আন্দোলনরত শ্রমিকদের অভিযোগ সংশ্লিষ্ট কারখানা কর্তৃপক্ষ  তাদের দাবি না মানায় গত শনিবার থেকে শুরু হওয়া চলমান আন্দোলনরত শ্রমিকরা মঙ্গলবার (৩ জুন) সকাল থেকেই কারখানা চত্বরে বিক্ষোভ সমাবেশ করে। সংবাদ পেয়ে পুলিশ র‌্যাবসহ আইন শৃংখলা বাহিনী পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে গিয়ে নিয়ন্ত্রনের চেষ্টা করেন। এবিষয়ে আইন শৃঙ্খলা বাহিনী বা কারখানা কর্তৃপক্ষ গণমাধ্যমে কোন মন্তব্য করতে রাজি হননি।

তবে বিআরবি গ্রুপের ব্যবস্থাপনা বিভাগের মহাব্যবস্থাপক দ্বীপেন কুমার দাস দাবি করেন, উদ্ভুত উত্তপ্ত পরিস্থিতি এখন সম্পূর্নরূপে শান্ত হয়ে গেছে। সবকিছু ঠিক হয়ে গেছে।

কিয়াম মেটালের শ্রমিক মিনারুলের অভিযোগ, ‘আমরা এখানে সবাই শ্রমিক, আমাদের রক্তঘামের টাকায় শুধু কিয়াম মেটাল নয়; গোটা বিআরবি গ্রুপ আজ আকাশ ছোঁয়া প্রতিষ্ঠান হয়েছে। কিন্তু বিআরবিতে দেয়া সুযোগ সুবিধা কিয়াম মেটালে দেয়া হয়না। এক জাগায় দুই নীতি কেন ? ওখানকার শ্রমিকও চাকরিতে ঢুকার সুমায় যে কন্ডিশনে ঢুকেছে আমরাও সেই কন্ডিশনে ঢুকেছি, তাহলে  আমরা কেনো এই বৈষম্য মেনে নেবো’? আমাদের মোষের মতো খাটাবে আর যে টাকা বেতন দেয় তাতে আমাদের সংসার চলেনা। কম পক্ষে বিশ হাজার টাকার বেতন দিয়ে শুরু করতে হবে’। অপর শ্রমিক আসাদুলের অভিযোগ কারখানায় কর্মরত অবস্থায় কোন শ্রমিক আহত হলে অফিসাররা কেউ আমাদের খোঁজও নেয় না। কোন স্বাস্থ্য ঝুঁকি ভাতাও দেয়া হয় না।’

এমআরএস-এর শ্রমিক সুজনের অভিযোগ, ‘আমাদের খাটাবে ১২ ঘন্টা আর বেতন দেয় ৮ঘন্টা। তাহলে আমরা কেনো ওভার টাইম করবো ?অপর শ্রমিক আসাদুলের অভিযোগ এখানে এক্সিডেন্টে আহত হয়ে কাজে আসতে না পারলে, চাকরিও নাই টাকাও নাই। এমনকি চাকরিতে জয়েন করার সময় আমাদের কাছ থেকে যে সিকিউরিটির টাকা জমা নেই সেই টাকাও ফেরত দেয়না’। বিআরবি গ্রুপের সব কারখানায় একই রকম বেতন ভাতাসহ সুযোগ সুবিধা দিতে হবে।’

কুমারগাড়া বিসিক শিল্প নগরীতে কারখানা শ্রমিক অসন্তোষের সত্যতা নিশ্চিত করে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক ফরহাদ ওহাব বলেন, ‘কর্তৃপক্ষের গোয়ার্তুমি ও অদূরদর্শিতার কারণে বিআরবি গ্রুপের সব কয়টি কারখানা শ্রমিকদের মধ্যেই অসন্তোষ রয়েছে। অসংখ্য শ্রমিকরা নানা অভিযোগ নিয়ে আমাদের এখানে এসে প্রতিকার চান। কখনও কিছু কিছু ঘটনা কর্তৃপক্ষের সাথে সমঝোতা করে দেয়া সম্ভব হলেও অধিকাংশ ক্ষেত্রেই সমস্যা সমাধানে কারখানা কর্তৃপক্ষ আন্তরিক না হওয়ায় সম্ভব হয়নি’।  

এ বিষয়ে বক্তব্য জানতে বিআরবি গ্রুপের মহাব্যবস্থাপক দীপন কুমার দাসের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি দাবি করেন, ‘এখন কোন সমস্যা নেই। শ্রমিকরা এখন শান্ত। বাইরে আইন শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণ করছেন।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন বলেন, ‘বিআরবি গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান এমআরএস এবং কিয়াম মেটালের কারখানা শ্রমিরা তাদের দাবি দাওয়া নিয়ে সকাল থেকে কুষ্টিয়া ঝিনাইদাহ মহাসড়রক অবরোধ করে রাখে। সংবাদ পেয়ে পুলিশসহ আইন শৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। ওখানে শ্রমিকদের মধ্যে লাঠিসোটা নিয়ে হট্টগোলের ঘটনাও ঘটেছিলো। তবে এ বিষয়ে এখনও কেউ কোন লিখিত অভিযোগ নিয়ে থানায় আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেবে পুলিশ।’