জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় মানুষের মাথার খুলি ও হাড় উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৩ জুন) সকালে দেওয়ানগঞ্জ পৌর শহরের চাউলের বাজার এলাকা থেকে খুলি ও হাড়গুলো উদ্ধার করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে পৌর শহরের চাউলের বাজারে নির্মাণাধীন দোকান ঘরে একটি স্কুল ব্যাগ পরে থাকতে দেখে স্থানীয়রা। ব্যাগটি দেখে তাদের সন্দেহ হলে তারা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে ব্যাগটি উদ্ধার করেন। এ সময় ব্যাগের ভেতরে মানুষের মাথার পাচঁটি খুলি ও শরীরের বিভিন্ন অঙ্গের হাড় হাড্ডি দেখতে পায়। এদিকে মাথার খুলি ও হাড় হাড্ডি উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে সেখানে উৎসুক মানুষের ভিড় জমে।
এ বিষয়ে দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মানুষের মাথার খুলি ও হাড় উদ্ধার করে ফরেনসিক টিমকে খবর দেওয়া হয়েছে। কঙ্কাল চোর চক্রের সদস্যরা ঘটনার সাথে জড়িত থাকতে পারে বলে ধারনা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।